shono
Advertisement
TMC

বিধাননগরের পুনরাবৃত্তি ট্যাংরায়! তৃণমূল কার্যালয়ে থরে থরে সাজানো আধার, ভোটার কার্ড

কীভাবে তৃণমূল অফিসে এতগুলি আধার এবং ভোটার কার্ড এল তা খতিয়ে দেখা হচ্ছে।
Published By: Kousik SinhaPosted: 02:29 PM May 28, 2026Updated: 03:17 PM May 28, 2026

ফের তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার হল রাশি রাশি ভোটার এবং আধার কার্ড! তাও আবার খাস কলকাতার একটি অফিস থেকে। যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ট্যাংরা এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশবাহিনী। কীভাবে তৃণমূল অফিসে এতগুলি আধার এবং ভোটার কার্ড এল তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, উদ্ধার হওয়া কার্ডগুলিতে নাম দেখে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলে খবর। তবে স্থানীয়দের দাবি, বিভিন্ন পরিষেবা পাইয়ে দেওয়ার নামে স্থানীয় তৃণমূল নেতারা কার্ডগুলি নিতেন। কিন্তু তা আর ফেরত দিতেন না। এহেন অভিযোগও পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

Advertisement

জানা যায়, ট্যাংরা ২ নম্বর লেনের ওই তৃণমূল কার্যালয়টি বেলেঘাটা বিধানসভা এলাকার মধ্যে পড়ে। ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে সেটি তালাবন্ধ অবস্থায় ছিল। স্থানীয় বেশ কয়েকজন তালা ভেঙে ওই কার্যালয়ের মধ্যে ঢোকেন। সেখানে থাকা একটি আলমারি খুলতেই একেবারে অবাক হয়ে যান স্থানীয় মানুষজন। দেখেন, ওই আলমারিতে একেবারে থরে থরে সাজানো রয়েছে একাধিক আধার এবং ভোটার কার্ড। যার বেশিরভাগই স্থানীয়দের বলে দাবি। এরপরেই ওই তৃণমূল কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই একইভাবে বিধাননগরের একটি তৃণমূল কার্যালয় থেকে বহু ভোটার এবং আধার কার্ড উদ্ধার হয়। ঘটনাটি ঘটে বাসন্তী দেবী কলোনির ৩৬ নম্বর ওয়ার্ড এলাকায়। স্থানীয়দের অভিযোগ ছিল, ভোট যাতে কেউ না দিতে পারে সেজন্য একপ্রকার জোর করেই পরিচয়পত্র তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কেড়ে নিত। আর দিত না। এহেন অভিযোগ ঘিরে রীতিমতো ঝড় বয়ে যায় রাজ্য রাজনীতিতে। সেই রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement