shono
Advertisement

পাটনার বিরোধী বৈঠকে মমতার সঙ্গে থাকবেন অভিষেকও, তৃণমূল নেত্রীর ফর্মুলা মেনেই আলোচনার সম্ভাবনা

আগেও বিরোধীদের বৈঠকে উপস্থিত থেকেছেন অভিষেক।
Posted: 03:09 PM Jun 21, 2023Updated: 03:29 PM Jun 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে মাত্র আর একটি দিন। তারপরেই শুক্রবার পাটনায় আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার রণকৌশল ঠিক করতে বৈঠকে বসতে চলেছেন দেশের তাবড় বিরোধী নেতা-নেত্রীরা। বিরোধীদের সেই মহাবৈঠকে তৃণমূলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশাপাশি উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এমনটাই খবর তৃণমূল সূত্রের।

Advertisement

বিরোধীদের সম্মিলিত বৈঠকের আয়োজক বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার হলেও সেখানে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই মধ্যমণি। মমতার ফর্মুলার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। বৃহস্পতিবার বিকেলের মধ্যেই মমতা পাটনা পৌঁছে যাবেন বলে জানা গিয়েছে। তাঁর সঙ্গেই যাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় স্তরের শীর্ষস্তরের নেতানেত্রীদের বৈঠকে অভিষেকের উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ। যদিও এর আগে দিল্লিতেও অভিষেক বিরোধীদের বৈঠকে মমতার সঙ্গে উপস্থিত ছিলেন।

[আরও পড়ুন: পতাকা লাগানোকে কেন্দ্র তৃণমূল-ISF সংঘর্ষে রণক্ষেত্র দেগঙ্গা, চলল গুলি-বোমা]

শুক্রবার বেলা ১১টা থেকে পাটনার ১ নম্বর অ্যানে মার্গে নীতীশের (Nitish Kumar) সরকারি বাসভবনের অন্দরে সভাগৃহে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক চলতে পারে বিকেল পর্যন্ত। বৈঠকের সূচনা করতে পারেন নীতীশ। কংগ্রেসের (Congress) পক্ষ থেকে বৈঠকে সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীর (Rahul Gandhi) যোগ দেওয়ার কথা। নীতীশের বক্তব্য রাখার পরেই খাড়গে, মমতা, শরদ পাওয়াররা নিজেদের বক্তব্য তুলে ধরবেন।বৈঠকের শেষদিকে বলার সুযোগ মিলবে রাহুলের।

[আরও পড়ুন: ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুষ্কৃতীদের হাতে ‘খুন’ বাবা, আদিবাসী বিক্ষোভে রণক্ষেত্র নকশালবাড়ি]

বৈঠকের আলোচ্য সূচিতে কী কী রয়েছে, তা নিয়ে এখনই বিশদে মুখ খুলেত চাইছেন না কেউই। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, “বিরোধীরা সকলেই তিনটি বিষয়ে সহমত হয়েছি। যা অত্যন্ত ইতিবাচক। বৈঠকের তারিখ, স্থান এবং সমস্ত রাজনৈতিক দলের প্রধানরাই বৈঠকে উপস্থিত থাকবেন। একইভাবে এটাও ঠিক হয়েছে যে, আগামী বৈঠকের স্থান ও তারিখ পাটনাতেই চূড়ান্ত হবে। এর বাইরে কেউ যাতে কিছু অনুমান না করেন সেই পরামর্শই দেব।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement