shono
Advertisement
Gautam Gambhir

বাপ কি বেটি! বিশেষ সম্মান গম্ভীরকন্যাকে, মেয়ের সাফল্যে কী বললেন ভারতের কোচ?

আজিনের হাতে এই সম্মান তুলে দেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
Published By: Prasenjit DuttaPosted: 08:59 PM Aug 30, 2026Updated: 10:36 PM Aug 30, 2026

তিনি টিম ইন্ডিয়ার হেডকোচ। তাঁর মগজাস্ত্র শুভমান গিলদের অন্যতম ভরসা। কথা হচ্ছে গৌতম গম্ভীরকে নিয়ে। তবে এবার লাইমলাইটে তাঁর কন্যা আজিন। নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত 'সানডেস অন সাইকেল' কর্মসূচিতে গম্ভীরের বড় মেয়েকে 'ফিট ইন্ডিয়া অ্যাম্বাসেডর' হিসাবে সম্মানিত করা হল। মাত্র ১২ বছর বয়সেই সর্বকনিষ্ঠ অ্যাম্বাসেডর হিসাবে দায়িত্ব পেল আজিন।

Advertisement

আজিনের হাতে এই সম্মান তুলে দেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম গম্ভীরও। মেয়ের এই সম্মানপ্রাপ্তির মুহূর্ত যে তাঁর কাছে আবেগের, তা বলাই বাহুল্য। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কুস্তিগির সঙ্গরাম সিং এবং অভিনেত্রী মধুরিমা তুলিও উপস্থিত ছিলেন। তরুণ প্রজন্মের মধ্যে সুস্থ ও সক্রিয় জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়াই আজিনের নতুন দায়িত্ব।

মেয়ের এই নতুন ভূমিকাকে স্বাগত জানিয়ে গম্ভীর বলেন, "সরকারের 'ফিট ইন্ডিয়া' কর্মসূচি একটি অসাধারণ উদ্যোগ। ভারত যত বেশি সুস্থ ও ফিট থাকবে, দেশ তত শক্তিশালী ও আত্মনির্ভর হবে। এটিকে শুধু একটি কর্মসূচি হিসাবে নয়, একটি আন্দোলন হিসেবে দেখা উচিত। বিশেষ করে তরুণদের দায়িত্ব এই বার্তাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া।"

বাবার মতোই আজিনও এবার তরুণ প্রজন্মকে শরীরচর্চা ও সক্রিয় জীবনযাপনের দিকে উৎসাহিত করবেন। গম্ভীর নিজেও বরাবরই শৃঙ্খলা ও ফিটনেসের উপর জোর দিয়ে এসেছেন। তাঁর কোচিংয়েই ভারত ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। ফলে পরিবারের এই নতুন দায়িত্ব যেন গম্ভীরের জীবনের আর এক গর্বের মুহূর্ত। প্রসঙ্গত, ২০১১ সালে নাতাশা জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন গৌতি। ২০১৪ সালে তাঁদের বড় মেয়ে আজিনের জন্ম। ২০১৭ সালে জন্ম হয় ছোট মেয়ে আনাইজার।

'সানডেস অন সাইকেল'-এর এই অনুষ্ঠানে শত শত মানুষ সাইকেল চালিয়ে সুস্থ জীবনযাপনের বার্তা দেন। ২০২৪ সালের ডিসেম্বর থেকে কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া এই কর্মসূচির লক্ষ্য, রবিবার সকালে মানুষকে ঘর থেকে বেরিয়ে শরীরচর্চা ও সাইকেল চালানোর অভ্যাসে উৎসাহিত করা। ইতিমধ্যেই সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে ৮৮টি সংস্করণ। গম্ভীরের পরিবারের কাছে তাই এ দিনটি গর্বের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement