পড়াশোনার মাঝে রাতে বাইরে চা খেতে বেরতেই বিপত্তি। দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই ডাক্তারি ছাত্রের। সূত্রের খবর, তাঁদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি বাইককে ধাক্কা মেরে রাস্তায় পড়ে যায়। তখনই তাঁদের পিষে দেয় পিছন থেকে আসা একটি বেপরোয়া ট্রাকের চাকা।
পুলিশের সূত্র জানিয়েছে, রবিবার ভোর সাড়ে ৩টা নাগাদ জেমস লং সরণি এবং পূর্ব পাড়া রোডের সংযোগস্থলে এই দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম আনন্দ প্রিয়দর্শী (২৩) এবং মহম্মদ ফায়াজ জামান মল্লিক (২৩)। তাঁরা জোকার ইএসআই মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তৃতীয় বর্ষের ছাত্র। প্রিয়দর্শী বাইকটি চালাচ্ছিলেন ও ফায়াজ জামান বসেছিলেন পিছনে। প্রিয়দর্শীর আসল বাড়ি পাটনায়। টালিগঞ্জের পঞ্চাননতলা এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে থাকতেন। সম্প্রতি তিনি ৪০০ সিসির রোডস্টার বাইক কেনেন। মহম্মদ ফায়াজ জামান মল্লিক ভাঙড়ের বাসিন্দা। দুর্ঘটনার সময় দু'জনের মাথায় হেলমেট ছিল। কিন্তু ট্রাকের চাকার ধাক্কায় তাঁদের হেলমেট খুলে যায়। মারাত্মকভাবে থেঁতলে যায় দুই মেডিক্যাল পড়ুয়ার মাথা।
পুলিশ জেনেছে, রাতে পড়াশোনার মাঝেই ৬ জন ডাক্তারি ছাত্র তিনটি বাইকে করে জোকা থেকে বের হন। বেহালায় গিয়ে চা খাওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁরা। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ জেনেছে, প্রিয়দর্শীদের বাইকের সামনের বাইকটি হঠাৎ থেমে যায় ও ডানদিকে ঘোরার চেষ্টা করে। প্রিয়দর্শীদের বাইকটি সেটিকে ধাক্কা দেয়। দুজনই রাস্তায় পড়ে যান। পিছন থেকে ট্রাকটি এসে নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনকে পিষ্ট করে দেয়। দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এলাকার বাসিন্দারা ও ছাত্রদের বন্ধুরা তাঁদের জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। ওই মেডিক্যাল কলেজের এক ছাত্র জানান, মৃত দুই ছাত্র প্রায়ই একসঙ্গে বাইকে করে বাইরে যেতেন। হেলমেট ছাড়া বের হতেন না। প্রিয়দর্শী সাবধানতার সঙ্গেই বাইক চালাতেন। ট্রাক চালকের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।
