খাস কলকাতায় ফের গণধর্ষণের অভিযোগ! সরস্বতী পুজোর আগের সন্ধ্যায় ঘুরতে নিয়ে যাওয়ার অছিলায় নাবালিকাকে নির্জন ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। দক্ষিণ কলকাতার পাটুলি (Patuli) থানা এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। ঘটনার পরেই পাটুলি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত নেমে আজ শনিবার দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যে ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ, যৌন নিগ্রহ ও পকসো আইনে মামলা রুজু করেছে। দফায় দফায় ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদও শুরু করেছে পুলিশ।
অভিযুক্ত দুজনের নাম আকাশ হালদার ও প্রদীপ মণ্ডল। পুলিশ জানিয়েছে, গত সরস্বতী পুজোর আগের সন্ধ্যায় ঘুরতে যাওয়ার নাম করে নাবালিকার দুই যুবক তাকে এলাকার একটি নির্জন ঘরে নিয়ে যায়। অভিযোগ, মদ্যপানের পর অভিযুক্তরা ওই নাবালিকাকে গণধর্ষণ করে। শুধু তাই নয়, এই বিষয়ে সে যাতে কাউকে কিছু না জানায় সেজন্য ভয় দেখানো হয় বলেও অভিযোগ। ঘটনায় রীতিমতো ভয়ে পেয়ে যায় ওই নির্যাতিতা। কিন্তু বাড়ি ফেরার পরেই অসুস্থ হয়ে পড়ে ওই নির্যাতিতা। সঙ্গে সঙ্গে পরিবারকে গোটা ঘটনা খুলে বলে সে।
এরপরেই পাটুলি থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। কিন্তু ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই যুবক পলাতক ছিল। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। আজ শনিবার আকাশ হালদার ও প্রদীপ মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। এই নারকীয় ঘটনার পিছনে আরও কতজন রয়েছে, তা জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা।
