shono
Advertisement
Mamata Banerjee

'ভুল করলেন', অভিষেককে ভর্তি নিতে বেসরকারি হাসপাতালের সিইও-কে 'চাপ' মমতার! ভাইরাল অডিও

ভাইরাল অডিওটি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। এর সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল।'
Published By: Sucheta SenguptaPosted: 01:49 PM May 31, 2026Updated: 03:06 PM May 31, 2026

তৃণমূল সাংসদ ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় এবার রাজনীতির 'প্যাঁচে' জড়িয়ে পড়ল শহরের নামী বেসরকারি হাসপাতালও। বিরোধী দল তৃণমূল কংগ্রেসের হুমকির মুখে পড়তে হল হাসপাতালের সিইও-কে! শনিবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিন্টো পার্কের হাসপাতালে ভর্তি করাতে যান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভর্তি নেওয়ার জন্য সিইও-কে মমতা 'চাপ' দেন এবং সেই অডিও সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে বিজেপির তরফে। 

Advertisement

ভাইরাল অডিও-তে শোনা যাচ্ছে, মমতা তাঁকে বলছেন, ‘‘আপনি ভুল করলেন। মনে রাখবেন, আমরা আপনাকে কীভাবে সাহায্য করেছিলাম। ভগবান আপনাকে ক্ষমা করবে না। লজ্জা হওয়া উচিত আপনার! এখন আপনি বিজেপির কথায় ভুল পথে চালিত হচ্ছেন। হাসপাতাল চালাচ্ছেন। কিন্তু যখন বিজেপি সরকার থাকবে না, তখন কিন্তু আমরা বুঝে নেব।''

রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এক্স হ্যান্ডেলে অডিওটি পোস্ট করে তৃণমূলনেত্রীর ভূমিকার তীব্র নিন্দা করেছেন। শোনা গিয়েছে, সিইও-র উদ্দেশে মমতা বলছেন, ‘‘আপনি ভুল করলেন। মনে রাখবেন, আমরা আপনাকে কীভাবে সাহায্য করেছিলাম। এখন আপনি বিজেপির কথায় ভুল পথে চালিত হচ্ছেন।'' যদিও অডিওর সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল। তবে অভিষেকের উপর জনবিক্ষোভের পর মমতার পদক্ষেপ নিয়ে সমালোচনা চলছে।

শনিবার সোনারপুরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর জনরোষ আছড়ে পড়েছিল। নিহত দলীয় কর্মীর বাড়িতে তিনি যাওয়ার পথেই ডিম, ইট-পাটকেল, জুতো ছোড়া হয়। মাথায় হেলমেট থাকায় ইটের আঘাত থেকে বেঁচে যান তিনি। পরে অভিষেকের জামার কলার ধরে মারধর চলে। তাঁর জামা, চশমা, ঘড়ি নষ্ট হয়। সেই অবস্থা থেকে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সহায়তায় সাংসদ বেরিয়ে আসেন এবং কলকাতায় ফিরেই তাঁকে হাসপাতালে ভর্তির তোড়জোড় করে দল।

শনিবার সোনারপুরে হেনস্তার শিকার অভিষেক।

শনিবার সন্ধ্যায় প্রথমে বাইপাসের ধারে নামী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের অন্যান্য শীর্ষ নেতা। ওই হাসপাতালে প্রাথমিক পরীক্ষা ও চিকিৎসার পর ডাক্তাররা জানান, অভিষেককে ভর্তি করানোর প্রয়োজন নেই। তা শুনে তাঁকে মিন্টো পার্কের আরেক নামী হাসপাতালে নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানেও চিকিৎসকরা জানান, সাংসদের যা শারীরিক অবস্থা, তাতে বাড়িতে রেখেই চিকিৎসা চলুক, হাসপাতালে ভর্তির দরকার নেই।

বেলভিউ হাসাপাতালে নিয়ে যাওয়া হচ্ছে অভিষেককে। শনিবার রাতে।

তৃণমূল নেতারা অভিযোগ করেন, অভিষেক যাতে ঠিকমতো চিকিৎসা পরিষেবা না পান, তার জন্য শাসকদল বিজেপি বিভিন্ন হাসপাতালের উপর চাপ দিচ্ছে। এই পরিস্থিতিতেই মিন্টো পার্কের ওই নামী হাসপাতালের সিইও-কে মমতার চাপ দেওয়ার অডিওটি ভাইরাল। শোনা যাচ্ছে, অভিষেককে ভর্তি নিতে অস্বীকার করায় মমতা তাঁকে বলছেন, ‘‘আপনি ভুল করলেন। মনে রাখবেন, আমরা আপনাকে কীভাবে সাহায্য করেছিলাম। ভগবান আপনাকে ক্ষমা করবে না। লজ্জা হওয়া উচিত আপনার! এখন আপনি বিজেপির কথায় ভুল পথে চালিত হচ্ছেন। হাসপাতাল চালাচ্ছেন। কিন্তু যখন বিজেপি সরকার থাকবে না, তখন কিন্তু আমরা বুঝে নেব।'' তাঁর এই অডিও ভাইরাল হতেই নানা মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেরই প্রশ্ন, সাংসদকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসায় কেন এত মরিয়া তৃণমূলনেত্রী? শুধুই উদ্বেগ নাকি অন্য কোনও পরিকল্পনা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement