আজ নবান্নে বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়েছে। এই বৈঠকে ছয়টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়ুষ্মান ভারত-সহ একাধিক বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বাধীন মন্ত্রিসভা। আগামী সোমবার নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক হবে। ওই দিন ডিএ, সপ্তম পে কমিশন-সহ একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও ওই বৈঠকেই আর জি কর-সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধেও সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে শুভেন্দু ছাড়াও বিজেপি সরকারের পাঁচ মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া ও নিশীথ প্রামাণিক উপস্থিত ছিলেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রিসভার ছয় সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। প্রথম বৈঠকে সেই প্রতিশ্রুতির মধ্যে কয়েকটি পূরণ করার সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয় বৈঠকে নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পে কমিশন, মহার্ঘ ভাষা-সহ আরও বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শুভেন্দু। তিনি জানান, প্রথম বৈঠকেই এই সব সিদ্ধান্ত নেওয়া হয়নি কারণ, সরকার গঠনের পরে খুব বেশি সময় পাওয়া যায়নি। আপাতত যে কাগজগুলি তৈরি ছিল সেই বিষয়েই প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি জানিয়ে আসছেন। এই নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর আসায় বুক বাঁধছেন রাজ্যের সরকারি কর্মীরা। পালাবদলের পর তাঁরা কেন্দ্রীয় হারে ডিএ পাবেন বলে আশাবাদী। রাজ্য়ে সপ্তম পে কমিশন গঠিত হলে বাড়বে কর্মীদের বেতন। আগামী সোমবারের বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত হতে পারে। এছাড়াও রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা করা হতে পারে। এই নিয়েও আগামী সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী।
