ভোটপর্ব, শপথ গ্রহণ শেষ। এবার পালা 'সোনার বাংলা'র স্বপ্ন বাস্তবায়ন। তাই মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকেই রাজ্যবাসীর উন্নতিতে ব্রতী শুভেন্দু অধিকারী। সোমবারই প্রথমবার নবান্নে যাওয়ার কথা তাঁর। এদিন সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সকাল সাড়ে নটা নাগাদ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়ি যান। ফুলমালায় তাঁকে স্বাগত জানান স্থানীয়রা। এরপর শমীককে সঙ্গে নিয়ে একই গাড়িতে রাজ্য বিজেপি কার্যালয়ে যান নতুন মুখ্যমন্ত্রী। সেখানে সাংগঠনিক বৈঠক সেরে পৌঁছবেন নবান্নে।
মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর প্রথমবার রাজ্য বিজেপি দপ্তরে যাচ্ছেন শুভেন্দু। তাই তাঁকে স্বাগত জানাতে সেজে উঠেছে সল্টলেকের দলীয় কার্যালয়। ফুল, বরণডালায় সেজে উঠেছে রাজ্য বিজেপি দপ্তর। ২০৭টি পদ্মের মালায় তাঁকে বরণ করা হবে। কুলো হাতে শুভেন্দুকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত মহিলারা। এখানে একপ্রস্থ সাংগঠনিক বৈঠক সারবেন শুভেন্দু।
সাংগঠনিক বৈঠক সেরে নবান্নে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বেলা ১১টা নাগাদ নতুন বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক। নবান্নে নতুন মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হতে পারে বলে খবর। জানা গিয়েছে, এদিন নবান্নে তিনটি প্রশাসনিক বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। প্রথমে সচিবদের সঙ্গে, পরে জেলাশাসক এবং বিকেলে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ রাজ্যের বিভিন্ন জোনের উচ্চপদস্থ আধিকারিকরা।
এর আগে রবিবার নবান্নের নিরাপত্তা ব্যবস্থা রবিবার খতিয়ে দেখে কলকাতা ও হাওড়া পুলিশ। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এবং হাওড়ার অখিলেশ চতুর্বেদী পৌঁছে যান নবান্নে। সঙ্গে ছিলেন পুলিশের বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকও। প্রথমেই দুই সিপি-র নেতৃত্বে নবান্ন চত্বর খতিয়ে দেখে পুলিশ। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর নিরাপত্তা কীরকম থাকবে, যেখানে তিনি বৈঠক করবেন সেই সভাঘরের নিরাপত্তা কেমন, তা সরেজমিনে খতিয়ে দেখা হয়। পরে নবান্নের সভাঘরে নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠকও সারেন পুলিশ আধিকারিকরা।
