shono
Advertisement
CM Suvendu Adhikari

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে জমি অধিগ্রহণ, বুধে বিএসএফের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

বুধবার উত্তরবঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেখান থেকে ফিরে এসে নবান্নে বিএসএফের সঙ্গে  বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রীর।
Published By: Subhankar PatraPosted: 09:23 PM May 19, 2026Updated: 09:23 PM May 19, 2026

বুধবার নবান্নে বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে উত্তরবঙ্গ থেকে নবান্নে এসে বিএসএফের কর্তাদের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার কথা মুখ‌্যমন্ত্রীর। এই বৈঠক নিয়ে তৎপরতা তুঙ্গে প্রশাসনের অন্দরে।

Advertisement

দেশের নিরাপত্তার স্বার্থে কোনও আপস নয়। নির্বাচনে এই বার্তা দিয়েছিল বিজেপি। সরকার গঠন করার পরই আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে তৎপর হয়েছে শুভেন্দু সরকার। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই বিএসএফকে জমি হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৪৫ দিনের মধ্যেই জমি হস্তান্তর করা হবে জানিয়েছিলেন তিনি। এবার বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য ২২১৬.৭ কিলোমিটার। যার মধ্যে ১৬৪৭.৬৯৬ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। প্রায় ৫৬৯ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়া বাকি। প্রাকৃতিক কারণে ১১২.৭৮০ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়া সম্ভব নয় বলেই জানা গিয়েছে। বাকি ৪৫৬ কিলোমিটারের অল্প বেশি এলাকায়  কাঁটাতার বসানোর জন্য জমি দরকার। তার মধ্যে প্রায় ৭৭ কিলোমিটার জমি ইতিমধ্যেই পেয়েছে বিএসএফ। বাকি এলাকায় জমি অধিগ্রহণ বিভিন্ন পর্যায়ে রয়েছে। অনেক জায়গায় অধিগ্রহণ শুরু হয়নি। এই জমি অধিগ্রহণের কাজ শুরু করেছে প্রশাসন। এই আবহে বুধবার  বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, বুধবার উত্তরবঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। উত্তরকন্যায় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। সেখান থেকে ফিরে এসে নবান্নে বিএসএফের সঙ্গে  বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রীর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement