ভোটের ফলে বঙ্গে গেরুয়া ঝড়। বদলেছে রাজ্যের রাজনৈতিক রং। এবার সেই পথেই ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে বাংলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরের রঙ। ইতিমধ্যেই তৃণমূল জমানার নীল-সাদা রঙের উপর গেরুয়ার প্রলেপ পড়তে শুরু করেছে বিভিন্ন জায়গায়। এবার বদলে গেল রাজ্যের প্রশাসনিক ভবনের নামের ফলকের রং-ও। গত ১৫ বছরে যে নামের ফলক ছিল নীল রঙের। এবার সেটা হল গেরুয়াবর্ণ।
বাংলায় পালাবদলের পরেই দেখা গিয়েছিলে গেরুয়া আলোয় মুড়ে ফেলা হয়েছিল নবান্নকে। নতুন সরকার গঠনের আড়াই মাসের মধ্যে এবার নবান্নের নামের ফলকের রং-ও পরিবর্তন করা হল। তবে প্রশাসনিক মহলের রং যেমন নীল-সাদা ছিল, তেমনই রয়েছে আপাতত। শুধুমাত্র বিল্ডিংয়ের মাথায় যে 'নবান্ন' ফলক রয়েছে, তার রং পরিবর্তন করা হয়েছে। সোমবার সকালেই দেখা গেল গেরুয়া রঙের 'নবান্ন' ফলক বসানো হচ্ছে বিল্ডিংয়ের মাথায়।
আগামীদিনে নবান্ন পুরোটাই যে নীল-সাদা থেকে গেরুয়া হয়ে যেতে পারে, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনটাই মত বিশেষজ্ঞ মহলের। তবে রাজ্যের প্রশাসনিক ভবনের পুরোটাই গেরুয়া রং করা হবে কি না, তা নিয়ে সরকারি তরফে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ২০২২ সালে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে সরকারি স্কুলের ইউনিফর্মের রং নীল-সাদা করা হয়েছিল। নতুন সরকার আসার পরেই শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, সরকারি স্কুলের ইউনিফর্মের রং পরিবর্তনের কথা। ২০২২ সালের আগে ইউনিফর্মের রং যা ছিল, তাই ফিরতে চলেছে স্কুলগুলিতে।
