দেশে ডিজিটাল গ্রেপ্তারির হুমকি দিয়ে সাইবার জালিয়াতি চক্রের পাণ্ডাকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশ। গোয়ায় তল্লাশি চালিয়ে আমন সিং নামে ওই সাইবার জালিয়াতকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের সাইবার অপরাধ শাখা। পুলিশ জানিয়েছে, ধৃত আমন কলকাতা, সল্টলেক-সহ দেশের বিভিন্ন জায়গায় তার সহযোগীদের সাহায্যে বেআইনি কল সেন্টার তৈরি করে। সঙ্গে সিমবক্স ব্যবহার করে বেআইনি টেলিকম পরিকাঠামো তৈরি করে তারা। এই ব্যাপারে বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের হয়। শুরু হয় মামলা। এই সাইবার জালিয়াতির চক্রের মাথাদের সন্ধান চালাতে শুরু করেন রাজ্য পুলিশের সাইবার অপরাধ শাখার গোয়েন্দারা।
তদন্ত করে গোয়েন্দারা জানতে পারেন যে, আমন সিং মুম্বই পুলিশে দায়ের হওয়া ডিজিটাল গ্রেপ্তারির হুমকির মামলায় মূল অভিযুক্ত। সে কলকাতার একটি যৌন হেনস্তার মামলারও অভিযুক্ত। দুই শহরের পুলিশকে ফাঁকি দিয়েই পালিয়ে বেড়াচ্ছিল সে।
আগেই ধৃত একাধিক ব্যক্তিকে জেরা ও তাদের মোবাইলের সূত্র ধরে আমন সিংকে পুলিশ চিহ্নিত করে। তদন্ত করে গোয়েন্দারা জানতে পারেন যে, আমন সিং মুম্বই পুলিশে দায়ের হওয়া ডিজিটাল গ্রেপ্তারির হুমকির মামলায় মূল অভিযুক্ত। সে কলকাতার একটি যৌন হেনস্তার মামলারও অভিযুক্ত। দুই শহরের পুলিশকে ফাঁকি দিয়েই পালিয়ে বেড়াচ্ছিল সে। এ ছাড়াও বিভিন্ন রাজ্যে দায়ের হওয়া বহু সাইবার জালিয়াতির ঘটনার মাথা আমন সিংই। সেই সূত্র ধরেই গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে যে, আমন গা ঢাকা দিয়ে রয়েছে গোয়ার একটি ডেরায়। সেই সূত্র ধরে রাজ্য পুলিশের গোয়েন্দারা তার সন্ধানে গোয়ায় হানা দেন। হাতেনাতে ধরা পড়ে সে। তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। আমনকে জেরা করে এই রাজ্য-সহ সারা দেশের সাইবার অপরাধের নেটওয়ার্কে থাকা অপরাধীদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।
