উত্তর দিনাজপুরের চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ 'ভিক্টর'কে দল থেকে বহিষ্কার করল প্রদেশ কংগ্রেস। সোমবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত জানায় প্রদেশ নেতৃত্ব। তাঁর বিরুদ্ধে দলবিরোধী কাজ করা ও প্রদেশ নেতৃত্বকে নিশানা করে লাগাতার নানা মন্তব্য করার অভিযোগ উঠেছিল। প্রথমে তাঁকে শোকজ করা হয়। অভিযোগ, তাতে আরও সুর চড়ায় ভিক্টর। এরপরই প্রাক্তন বিধায়ককে সাসপেন্ড করা হয়। এরপরেও তাঁকে থামানো যায়নি! সাসপেন্ডের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে প্রদেশ নেতৃত্বের দিকেই আঙুল তোলেন ভিক্টর। শেষে আরও অভিযোগ, ২১ জুলাই ভিক্টর এলেও মঞ্চে না গিয়ে প্রাক্তন সভাপতি অধীর চৌধুরির সঙ্গে আলাদা ছবি পোস্ট করে তাঁকে নিজের নেতা বলে ঘোষণা করেন। বুঝিয়ে দেন, প্রদেশ নেতৃত্বকে তিনি একেবারেই মানছেন না। এর পরেই তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
কে এই ভিক্টর?
ভিক্টর উত্তর দিনাজপুরের গোয়ালপোখোর ও চাকুলিয়ার প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক। পরে তিনি কংগ্রেসে যোগ দেন। গত ফেব্রুয়ারি মাসেই ভিক্টর ও তাঁর ৭০ বছর বয়সী মা তালাৎ সুলতানার বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ সামনে আনেন ভিক্টরের স্ত্রী প্রিয়াঞ্জলি নিয়োগী। বর্তমানে তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। শুধু বধূ নির্যাতনের অভিযোগ নয়, ভিক্টরের নামে ‘মানি লন্ডারিং’-এর মতো গুরুতর অভিযোগও এনেছিলেন স্ত্রী। তাঁর নামে এফআইআরও দায়ের করেন।
ভিক্টরের সঙ্গে প্রেম বিবাহ হলেও ধীরে ধীরে তাঁর ‘বদমেজাজি চরিত্র’ সামনে আসতে থাকে বলে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ তুলেছিলেন স্ত্রী প্রিয়াঞ্জলি। তিনি জানিয়েছিলেন, “২০১০ সালে বাড়ির অমতে প্রেম করে আমাদের বিয়ে। প্রথম সন্তান ধারণের দেড় মাসের মাথায় সামান্য ঝগড়া, কথা কাটাকাটি থেকে পেটে ঘুষি মারে। সন্তান নষ্ট হয়। ধীরে ধীরে পণের জন্য চাপ, সামান্য কথায় ঝগড়া, মারধর বাড়তে থাকে।” ভিক্টর ও তার মায়ের বিরুদ্ধে ফিনাইল খাইয়ে মারার অভিযোগও তুলেছিলেন তিনি। শেষে বিবাহ বিচ্ছেদের মামলা করায় সেই মামলাও তোলার চাপ দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ।
প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আলি ইমরান রামজ ওরফে ‘ভিক্টর’-এর স্ত্রী প্রিয়াঞ্জলি তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ জানিয়ে রাহুল গান্ধীর দ্বারস্থও হয়েছিলেন। নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়ে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে চিঠিও দিয়েছিলেন তিনি। ভোটের আগেই ভিক্টরকে বহিষ্কারের আর্জিও জানিয়েছিলেন তাঁর স্ত্রী। তাৎপর্যপূর্ণভাবে সেই সময়েই ফরওয়ার্ড ব্লকে তাঁকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয় যদিও সেই ডাকে সাড়া দেননি। এবার দল থেকেই বহিষ্কার করা হল আলি ইমরান রামজ ভিক্টরকে।
