স্টাফ রিপোর্টার: বছরের শেষদিন দর্শক টানার প্রতিযোগিতায় এগিয়ে ছিল আলিপুর চিড়িয়াখানা। বড়দিনেও ইকো পার্ককে পিছনে ফেলে দিয়েছিল বাঘ, ভল্লুক, সিংহরা। বছরের প্রথমদিনও কড়া টক্কর চলে প্রকৃতি উদ্যান ও চিড়িয়াখানার মধ্যে। নতুন বছরেই আলিপুর চিড়িয়াখানাকে গোল দিয়ে বেরিয়ে গেল ইকো পার্ক।
বছরের প্রথম দিন ৯১ হাজার ৩৯৭ জন দর্শক টেনে রেকর্ড গড়েছে এই প্রকৃত উদ্যান। সেখানে আলিপুর চিড়িয়াখানায় ছিল ৮৪ হাজার ৮০০ দর্শক। টানা তিনদিন ছুটি থাকার সুবাদে শনিবার থেকে রাস্তায় বেরিয়ে পড়েছিল দর্শকরা। শীতের আমেজ না থাকলেও উৎসবের আনন্দে কোনও ঘাটতি ছিল না। বছরের প্রথম দিনে ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, জাদুঘর, ইকো পার্কে জনসুনামি আছড়ে পড়ে। টিকিট কাউন্টারের লাইন রাস্তায় চলে আসে।
[আরও পড়ুন: প্রতীক্ষার অবসান, রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে এই শিল্পীর রামলালার, জানাল ট্রাস্ট]
হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। সায়েন্স সিটি, ভিক্টোরিয়াও ভালো দর্শক টানে। ভিক্টোরিয়া পা পড়েছিল ৪১ হাজার ৪৩৮। সায়েন্স সিটিতে ৩২ হাজার ৫৯৫। আলিপুর সংগ্রহশালায় দর্শক ছিল ৭ হাজার ৮৪১ জন। ভারতীয় জাদুঘরে ৬৫৫২ জন। নিকো পার্কে এসেছিল ১০ হাজার দর্শক। ইকো পার্কে ভিড় বেশি থাকায় এদিন নিউটাউন হরিণালয়েও দর্শক সংখ্যা বেশ ভালো ছিল। নিউটাউনের মিনি চিড়িয়াখানায় টিকিট বিক্রি হয় ৭ হাজার ৯৫টি। এয়ারক্রাফ্ট সংগ্রহশালায় ২ হাজার ৬৪৭ জন দর্শক।
