এবার এসএসসি দুর্নীতি মামলায় (SSC Case) পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করতে চলেছে ইডি। দোলের পরেই দু'জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে খবর। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও (Arpita Mukherjee) গ্রেপ্তার করা হয়েছিল। দু'জনেই এখন ওই মামলায় জামিনে মুক্ত। এসএসসি মামলার তদন্তও করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আধিকারিকরা তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম বেশ কিছু জায়গায় পেয়েছেন বলে প্রাথমিকভাবে খবর। সেজন্যই এই মামলায় দু'জনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।
বেশ কয়েক বছর জেলবন্দি থাকার পর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্ত হয়েছেন। যদিও তার আগেই পার্থ চট্টোপাধ্যাইয়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় জামিনে মুক্ত হয়েছিলেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীটি মামলার তদন্ত সিবিআই ও ইডি দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করছে। ওই মামলার চার্জগঠনও হয়েছে। এসএসসি দুর্নীতিরও তদন্ত করছে ইডি। ওই মামলার চার্জশিটও জমা পড়েছে বলে খবর। তদন্তে বেশ কিছু ক্ষেত্রে পার্থ ও অর্পিতার নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে। এরপরই দু'জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার সিদ্ধান্ত হয়েছে।
কিন্তু কবে দু'জনকে তলব করা হতে পারে? আগামী কাল, মঙ্গলবার দোল। চলতি সপ্তাহে ছুটির আমেজ থাকবে। তার মধ্যেই কি ডাকা হবে তাঁদের? ইডি সূত্রে খবর, আগামী ১৬ থেকে ১৮ মার্চের মধ্যে দু'জনকে ডাকা হবে বলে প্রাথমিক খবর। তাঁদের আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা। এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা মিলেছিল বলে অভিযোগ।
