চিকিৎসকদের আদেশ দেওয়া হয়নি। অনুরোধ করা হয়েছে। সরকারি চিকিৎসকদের ডিউটির সময় নিয়ে মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে সুর নরম করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee)। রবিবার চিকিৎসকদের এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, সপ্তাহে ৯৬ ঘণ্টা ডিউটি করতে হবে সরকারি হাসপাতালের অধ্যাপক-চিকিৎসকদের। এই নিয়ে আলোচনা শুরু হতেই আজ তিনি জানান, সপ্তাহে ৯৬ ঘণ্টা ডিউটি করতে সরকারি হাসপাতালের চিকিৎসকদের অনুরোধ করা হয়েছে।
গতকাল স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে চিকিৎসকদের মধ্যে শোরগোল পড়ে যায়। অনেকেই মনে করেন, প্রতিদিন ১২-১৩ ঘণ্টার বেশি ডিউটি করা স্বাস্থ্যের পক্ষে ব্যাপক ক্ষতিকর। কোনও চিকিৎসক বাড়ি থেকে দেড়শো কিলোমিটার দূরের হাসপাতালে ডিউটি করেন। তাঁরা জানান, যাতায়াতের সময় ছাড়াও অতক্ষণ হাসপাতালে কাটানো কার্যত অসম্ভব। এরপরই সোমবার স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানান, চিকিৎসকদের আদেশ দেওয়া হয়নি। শুধু অনুরোধ করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সম্প্রতি একটি অনুরোধ করেছে। অনুরোধটি হল, যাঁরা কলকাতা ও শহরতলি ছাড়াও জেলার সরকারি হাসপাতালে কর্মরত, তাঁরা যেন সপ্তাহে অন্তত ৯৬ ঘণ্টা কর্মস্থলের এলাকায় উপস্থিত থাকার চেষ্টা করেন। এখানে '৯৬ ঘণ্টা ডিউটি করার' কথা বলা হয়নি। এছাড়াও, ডিউটির সময় কোনওভাবেই প্রাইভেট প্র্যাকটিস না করার অনুরোধও করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল সরকারি হাসপাতালের চিকিৎসকদের সপ্তাহে অন্তত ৯৬ ঘণ্টা হাসপাতালে দায়িত্ব পালন করার কথা বলেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, "জনগণকে দেখার জন্য সরকার মাইনে দিচ্ছে আপনাকে। না পোষালে চাকরি ছেড়ে দিন।" এই মন্তব্যের পরই আজ এবিষয়ে সুর নমর করলেন তিনি।
