shono
Advertisement
PM Surya Ghar Yojana

বিদ্যুৎ বিল হবে শূন্য, মিলবে ৭৮ হাজার টাকা, কীভাবে 'প্রধানমন্ত্রী সূর্যঘর বিদ্যুৎ' যোজনায় আবেদন?

দীর্ঘদিন এই প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত থেকেছেন বাংলার মানুষ। কিন্তু রাজ্যে 'ডবল ইঞ্জিন' সরকার তৈরি হতেই বদলের ছবি!
Published By: Kousik SinhaPosted: 03:26 PM Jun 15, 2026Updated: 05:17 PM Jun 15, 2026

বঙ্গে বর্ষা ঢুকলেও এখনই গরম থেকে রেহাই নেই বঙ্গবাসীর। এই পরিস্থিতিতে স্বস্তি পেতে ভরসা এসি কিংবা কুলারে। তাতে স্বস্তি মিললেও চিন্তা অন্য জায়গায়! এসি, কুলারে চড়চড় করে বাড়ছে ইলেকট্রিক বিল। এই অবস্থায় সাধারণ মানুষের মুশকিল আসান হতে পারে 'প্রধানমন্ত্রী সূর্যঘর বিদ্যুৎ যোজনা' (PM Surya Ghar Yojana)। গত ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে এই প্রকল্পের সূচনা হয়। তবে দীর্ঘদিন এই প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত থেকেছেন বাংলার মানুষ। কিন্তু রাজ্যে 'ডবল ইঞ্জিন' সরকার তৈরি হতেই বদলের ছবি! এবার সূর্যঘর বিদ্যুৎ যোজনার সুবিধা পাবেন বাংলার মানুষ। আজ, সোমবারই এই বিষয়ে বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু কীভাবে এই যোজনায় আবেদন করবেন? কী সুবিধা পাবেন?

Advertisement

একনজরে প্রধানমন্ত্রী সূর্যঘর বিদ্যুৎ যোজনা?

২০২৪ সালে এই প্রকল্পের সূচনা হলেও, এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। এই যোজনার মূল উদ্দেশ্য হল, বিদ্যুৎ বিলের বোঝা থেকে মধ্যবিত্ত পরিবারগুলিকে মুক্তি দেওয়া। এই প্রকল্পের মাধ্যমে বাড়ির যে কোনও জায়গায় সোলার প্যানেল বসিয়ে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাবে। তাও প্রতি মাসে। শুধু তাই নয়, প্যানেল বসানোর জন্যেও মিলবে সরকারি ভর্তুকি। এদিন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ''প্রান্তিক মানুষ যারা ইলেকট্রিক বিল দিতে পারছেন না, তাঁরা ‘প্রধানমন্ত্রী সূর্য ঘরে’র সুবিধা নিন।''

 

কত টাকা মিলবে ভর্তুকি?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, ১ কিলোওয়াটের জন্য মিলবে ৩০ হাজার টাকা, ২ কিলোওয়াটের জন্য মিলবে ৬০ হাজার টাকা এবং ৩ কিলোওয়াটের জন্য মিলবে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা। সরাসরি ভর্তুকির টাকা রাজ্য সরকারের মাধ্যমে উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তবে এই প্রকল্পের সুবিধা নিতে অনলাইন এবং অফলাইনে সরাসরি আবেদন করা যাবে।

কীভাবে আবেদন- 

এই ওয়েবসাইটে গিয়ে জানাতে হবে আবেদন।

এই প্রকল্পের সুবিধা নিতে অনলাইনে আবেদন করা যেতে পারে। এজন্য প্রধানমন্ত্রী সূর্যঘরের- অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে আবেদন জানানো যাবে। প্রথমে যেতে হবে - pmsuryaghar.gov.in - এই ওয়েবসাইটে। Consumer অপশনে গিয়ে 'Apply Now'- করতে হবে। দিতে হবে মোবাইল নম্বর। সেই নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। এরপরেই খুলে যাবে একটি পেজ। সেখানে নিজের নাম, ঠিকানা, জেলা-সহ আরও বেশ কিছু তথ্য দিয়ে আবেদন করতে হবে। নিজে কিংবা ভেন্ডারের সাহায্যে সূর্যঘর বিদ্যুৎ যোজনার জন্য আবেদন করা যাবে।

এছাড়াও রাজ্যজুড়ে শুরু হওয়া ‘জনকল্যাণ শিবিরে’ গিয়েও এই প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement