shono
Advertisement
Saugata Roy

কুণালের উপর ডিম হামলা নিয়ে শাহের দরবারে সৌগত! দিলেন চিঠি

চিঠিতে সাংসদ মনে করিয়ে দিলেন, বাংলায় শান্তি প্রতিষ্ঠা বিজেপিরই দায়িত্ব। 
Published By: Tiyasha SarkarPosted: 03:31 PM Jun 16, 2026Updated: 05:49 PM Jun 16, 2026

কুণাল ঘোষের উপর ডিম হামলা নিয়ে শাহের দরবারে সাংসদ সৌগত রায় (Saugata Roy)। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে হামলার ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি। তবে সেখানে রাজ্যের বিভিন্নপ্রান্তে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর, 'ডিম-থেরাপি'র কথা উল্লেখ করেছেন সাংসদ। চিঠিতে সাংসদ মনে করিয়ে দিলেন, বাংলায় শান্তি প্রতিষ্ঠা বিজেপিরই দায়িত্ব। 

Advertisement

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু। প্রথম সোনারপুরে নিহত কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে ডিম হামলার শিকার হন তিনি। পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল যে হাসপাতালেও ছুটতে হয়েছিল সাংসদকে। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে 'ডিম থেরাপি'। তৃণমূলের বিধায়ক, চেয়ারম্যান থেকে কাউন্সিলর, হাতের নাগালে যাকে পাচ্ছেন ডিম নিয়ে তাঁর দিকে ছুটে যাচ্ছে উত্তেজিত জনতা। সোমবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে কালীঘাটে। কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। সাড়ে ছ’টা নাগাদ সেখান থেকে বেরোন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরতেই এক যুবক কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়েন। তিনি নিজেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করলেও মাথায় লাগে ডিম। এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠছে ভোটের ফল প্রকাশের পর থেকেই। 

এই সমস্ত ইস্যু নিয়েই মঙ্গলবার শাহকে চিঠি দিয়েছেন সৌগত রায়। তবে প্রথমেই মাও দমন নিয়ে শাহকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এরপরই জেলায় জেলায় পার্টি অফিসে হামলা থেকে রাজ্যজুড়ে ডিম থেরাপি, সব ইস্যুই তুলে ধরেছেন তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিধায়কের উপর হামলার ঘটনায় তিনি শঙ্কিত বলেই উল্লেখ করেছেন। চিঠিতে শাহকে পরিস্থিতি আয়ত্তে আনার আর্জি জানিয়ে সৌগত লিখেছেন, "বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে। তাই রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনাদের।"  উল্লেখ্য, কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর ডিম হামলার ঘটনায় ইতিমধ্যেই ২ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কালীঘাট থানার পুলিশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement