shono
Advertisement

যাদবপুরে জট কাটাতে কর্মসমিতির বৈঠক ডাকলেন উপাচার্য

প্রবেশিকা না ফেরা পর্যন্ত অনশনে অনড় পড়ুয়ারা৷ The post যাদবপুরে জট কাটাতে কর্মসমিতির বৈঠক ডাকলেন উপাচার্য appeared first on Sangbad Pratidin.
Posted: 08:46 AM Jul 10, 2018Updated: 09:27 AM Jul 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদবপুর জট কি কাটবে? নাকি আরও ঘোরতর কোনও পরিস্থিতির সম্মুখীন হবে রাজ্যের অন্যতম নামী এই শিক্ষা প্রতিষ্ঠান? সে প্রশ্নেরই উত্তর মিলবে আজ৷ পড়ুয়াদের টানা আন্দোলনের মুখে মঙ্গলবারই কর্মসমিতির বৈঠক ডেকেছেন উপাচার্য সুরঞ্জন দাস৷

Advertisement

[  শহরের রেস্তরাঁয় ফের পচা মাংসের আতঙ্ক, অভিযোগ দায়ের মুচিপাড়া থানায় ]

প্রবেশিকা না ফেরা পর্যন্ত অনশন চালিয়ে যেতে বদ্ধপরিকর পড়ুয়ারা৷ কয়েকজন পড়ুয়া টানা অনশনের জেরে অসুস্থও হয়ে পড়েছেন৷ কিন্তু অবস্থান থেকে সরেননি৷ এই প্রেক্ষিতে ফের কর্মসমিতির বৈঠক ডাকলেন উপাচার্য৷ বস্তুত সোমবার পড়ুয়াদের মুখোমুখি হয়ে এই কর্মসমিতির সিদ্ধান্তকেই সামনে এগিয়ে দিয়েছিলেন তিনি৷ জানিয়েছিলেন, যে সিদ্ধান্ত বৈঠকে নেওয়া হয়েছে তা জানানো উপাচার্য হিসেবে তাঁর কর্তব্য৷ গোটা বিতর্কে এইভাবেই কৌশলী অবস্থান ছিল উপাচার্যের৷ কারণ প্রবেশিকা তুলে দেওয়ার ক্ষেত্রে তাঁর ব্যক্তিগত মত কী, তা তিনি জানাননি৷ এদিকে পড়ুয়াদের সামনে খানিকটা আবেগবিহ্বল হয়েই তিনি জানান, চেয়ারে থেকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যা করার তা করছেন৷ অন্য কেউ হলে আরও ভাল করে পরিস্থিতি সামলাতে পারবেন৷ এই কথায় তাঁর পদত্যাগেরও ইঙ্গিত মিলেছিল৷ যদিও আন্দোলনকারী পড়ুয়ারা জানিয়েছিলেন, উপাচার্যের পদত্যাগ তাঁদের কাম্য নয়৷ বরং উপাচার্য পদে থেকেই যাদবপুরের স্বাধিকার ফিরিয়ে আনুন সুরঞ্জনবাবু, এমনটাই দাবি ছিল তাঁদের৷ এই প্রেক্ষিতেই আজকের কর্মসমিতির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷ যাদবপুরের নিয়ম অনুযায়ী দ্বিতীয় কর্মসমিতির বৈঠকের সিদ্ধান্তকে মান্যতা দেওযা হবে, নাকি পুরনো সিদ্ধান্তই বহাল থাকবে তার ফয়সালা হবে আজ৷ তবে পড়ুয়াদের আন্দোলনের মুখে যেভাবে দ্বিতীয়বার বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ তাতে প্রবেশিকা ফেরানোর সম্ভাবনাই উজ্জ্বল হয়েছে৷ সোমবার বেশ কয়েকটি বিভাগের অধ্যাপকরাও এই ভরতি প্রক্রিয়া থেকে অব্যাহতি চেয়েছিলেন৷ ফলে তৈরি হয়েছিল নতুন চ্যালেঞ্জ৷ আজ কর্মসমিতির বৈঠকেই সমস্ত জট কাটবে বলে আশা করছে রাজ্যের সারস্বত মহল৷

[  বান্ধবীর সাহায্যে তরুণীকে গণধর্ষণ, অভিযুক্ত স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী ]

The post যাদবপুরে জট কাটাতে কর্মসমিতির বৈঠক ডাকলেন উপাচার্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement