shono
Advertisement

কালীপুজোর মণ্ডপে শ্রদ্ধা জানানো হবে শহিদ অমিতাভকে

‘ছেলেটা প্রতিবার টুনি দিয়ে বাড়ি সাজাত, মোমবাতি জ্বালাত।’ The post কালীপুজোর মণ্ডপে শ্রদ্ধা জানানো হবে শহিদ অমিতাভকে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:06 PM Oct 16, 2017Updated: 08:36 AM Oct 16, 2017

কৃষ্ণকুমার দাস ও ব্রতদীপ ভট্টাচার্য: দীপাবলির আগেই এলাকার বীর সন্তানকে হারিয়েছে বারাসত-মধ্যমগ্রাম। তিন দিন আগেই পাতলেবাসে গুরুংয়ে ডেরায় হানা দিতে গিয়ে গুলিতে  প্রাণ হারিয়েছেন এসআই অমিতাভ মালিক। তারপর থেকেই গোটা এলাকায় শোকের ছায়া। কালীপুজোর উদ্দীপনা তাই কিছু ম্লান এবার। তারই মধ্যে বারাসত-মধ্যমগ্রামের অধিকাংশ কালীপুজোর মণ্ডপে এবার শ্রদ্ধা জানানো হবে বীর সন্তান অমিতাভ মালিককে। মণ্ডপের ভেতর অমিতাভর ছবি লাগানোর পাশাপাশি প্রতিমা দেখতে এসে দর্শনার্থীরা যাতে এই বীর সন্তানকে শ্রদ্ধা জানাতে পারেন, পুজোর উদ্যোক্তারা সেই ব্যবস্থাও করছেন। পুজোর প্রস্তুতির মাঝেও ঘুরে-ফিরে প্রত্যেকের গলাতেই শুধু অমিতাভর কথা।

Advertisement

সোমবার বেলায় একাধিক পুজো উদ্যোক্তা জানিয়েছেন, পুজোর দিনগুলোয় অমিতাভর ছবির পাশে একটা ক্যানভাস রাখা হবে। যেখানে সাধারণ মানুষ স্বাক্ষর করে বাংলা ভাগের বিরোধিতা যেমন করতে পারবেন, তেমনি এই অমিতাভকেও শ্রদ্ধা জানাতে পারবেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি বারোয়ারি মণ্ডপের বাইরে শ্রদ্ধা জানানোর জন্য আলাদা করে জায়গাও ঠিক করা হয়েছে।

[অমিতাভর মৃত্যুর বদলা চাই, গুরুংয়ের বিরুদ্ধে ফুঁসছে পুলিশ]

পায়োনিয়র অ্যাথলেটিক ক্লাব, নবপল্লী সর্বজনীন, ছাত্রদল, কেএনসি রেজিমেন্ট, সন্ধানী-র মতো বড় পুজোর উদ্যোক্তারাও মণ্ডপের সামনে ছবি রেখে একটা শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করছে।  মধ্যমগ্রামের পুরপ্রধান তথা বিধায়ক রথীন ঘোষ বলেন, ‘বেশ কয়েকটি পুজো কমিটির তরফে অমিতাভকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আরও কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। এলাকার এই বীর সন্তান আমাদের গর্ব।’ পায়োনিয়র অ্যাথলেটিক ক্লাবের কর্মকর্তা শম্ভু দাস বলেন, ‘অমিতাভ আমাদের ঘরের ছেলে। আমাদের গর্ব। ওঁর মৃত্যু মেনে নিতে পারছি না। তাই ঠিক করেছি, কালীপুজোয় যাতে সাধারণ মানুষ ঠাকুর দেখতে এসে ওঁকে স্মরণ করে শ্রদ্ধা জানাতে পারেন, তার ব্যবস্থা করতে।’

নবপল্লী সর্বজনীনের কর্মকর্তা চয়ন দাস জানান, এবার আমাদের থিম বাহুবলী। কিন্তু আসল বাহুবলী তো অমিতাভ। বাংলা মায়ের হয়ে লড়াই করে শহিদ হয়েছেন। ওঁর মৃত্যু নেই। ও আমাদের সবার মধ্যে বেঁচে থাকবে। মণ্ডপে থাকবে ওঁর ছবি। ঘরের ছেলে অমিতাভ শহিদ হওয়ার পর থেকেই এখানকার পুজোয় প্রভাব ফেলেছে। মণ্ডপ বানাতে আসা কারিগর থেকে পথচলতি সাধারণ মানুষ – প্রত্যেকের গলাতেই ঘুরেফিরে আসছে অমিতাভর কথা। সবার গলাতেই আফসোস। ‘আহারে কী-ই বা বয়স হয়েছিল। সদ্য বিয়ে করেছে। এত নিষ্ঠুরও হতে পারে ভগবান!’- কাজ করতে করতেই জানান এক কারিগর। এদিকে মৃত অমিতাভর বাড়িতে সোমবার সকালেও পাড়া-পড়শিদের ভিড়। এক প্রতিবশীই জানান, ‘ছেলেটা প্রতিবার টুনি দিয়ে বাড়ি সাজাত, মোমবাতি জ্বালাত। এবারও কালীপুজোয় বাড়ি আসবে বলেছিল। কিন্তু কোথা থেকে কী হয়ে গেল! ওই একরত্তি বউটারও সব হাসি কেড়ে নিল ভগবান!’

[‘অমিতাভকে চিনতাম, খুবই সাহসী ছেলে’, বললেন শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী]

 

The post কালীপুজোর মণ্ডপে শ্রদ্ধা জানানো হবে শহিদ অমিতাভকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement