shono
Advertisement

‘ম্যান এন্ট্রি পিটে’ও কাদা তুলতে নামা বন্ধ, নতুন যন্ত্র আনছে কলকাতা পুরসভা

দেশের মধ্যে অত্যাধুনিক প্রথম হাইভোল্টেজ সাকশন মেশিন আনছে কলকাতা পুরসভা।
Posted: 03:44 PM Aug 11, 2023Updated: 03:45 PM Aug 11, 2023

অভিরূপ দাস: ম‌্যানহোল, গালিপিটে বন্ধ হয়েছিল আগেই। কিন্তু দু’একটা ম‌্যান এন্ট্রি পিটে বাধ‌্য হয়েই কাদা তুলতে নামতে হয়। সেটাও বন্ধ হচ্ছে দ্রুত। দেশের মধ্যে অত‌্যাধুনিক প্রথম হাইভোল্টেজ সাকশন মেশিন আনছে কলকাতা পুরসভা। যা একটানে ম‌্যান এন্ট্রি পিট থেকেও তুলে নেবে কাদা। পুরসভার হাতে এই মূহূর্তে যা যন্ত্র রয়েছে তাতে ম‌্যানহোল, গালিপিটে ডিসিল্টিং করা গেলেও পেল্লায় আকৃতির বড় বড় পাইপের ক্ষেত্রে ডিসিল্টিং করা যায় না।

Advertisement

শুধু কলকাতা নয়, দেশের কোনও পুরসভার হাতেই ম‌্যান এন্ট্রি পেল্লায় পাইপ ডিসিল্টিং করার যন্ত্র নেই। দেশের মধ্যে প্রথম কলকাতা পুরসভা আনতে চলেছে হাইভোল্টেজ ডিসিল্টিং মেশিন। এর জ‌ন‌্য খড়গপুর আইআইটির সাহায‌্য নিচ্ছে কলকাতা পুরসভা। এখন এই পেল্লায় আকৃতির পাইপ পরিস্কার করার জন‌্য ‘কনভেনশনাল মেথড’ ব‌্যবহার করে পুরসভা।

কীভাবে হয় কাদা পরিষ্কার? বড় পাইপ পরিস্কার করার জন‌্য রাস্তা কেটে দুটো অ‌্যাকসেস পিট তৈরি করা হয়। মানুষ যাতে নামতে পারে। এরপর দুটো সাইডকে প্লেট দিয়ে বন্ধ করে দেওয়া হয়। তারপর পাম্প বসিয়ে জল তুলে পুরো কাদাটাকে শুকনো করে নেওয়া হয়। এরপর ম‌ানুষ নেমে তুলে নেয় সেই কাদা। কখনও ছোটও জেসিবি মেশিনের মতো যন্ত্র রয়েছে তার মাধ‌্যমেও তুলে নেওয়া হয় সেই শুকনো কাদা। এতদিন এভাবেই ম‌্যান এন্ট্রি পাইপে পরিষ্কার হত। নতুন পরিকল্পনা আসছে, পুরো কাজটাই যন্ত্রের মাধ‌্যমে করার। সাধারণ যন্ত্রের তুলনায় সাকশন পাওয়ার দশগুণ এমন ক্ষমতা সম্পন্ন যন্ত্র আনার পরিকল্পনা করছে কলকাতা পুরসভা। যাতে মানুষকে আর কখনও নামতে হবে না কাদা তুলতে।

[আরও পড়ুন: যুবপ্রজন্মকে ব্যবসামুখী করার উদ্যোগ, শিল্পদ্যোগীদের ৩০০ কোটির ঋণ দেবে রাজ্য]

মেয়র পারিষদ তারক সিং চান অত‌্যাধুনিক এই সাকশন যন্ত্র নিয়ে আসতে আইআইটি খড়গপুরের সঙ্গে আলোচনা করতে। কলকাতা পুরসভা যদি তা আনতে পারে তবে দেশের মধ্যে তা হবে প্রথম। এদিকে খুব শীঘ্রই কলকাতা এনভায়রনমেন্টাল ইমপ্রুভমেন্ট ইনভেসমেন্ট প্রোগ্রাম বা কেইআইআইপি’র সঙ্গে বৈঠকে বসছেন মেয়র ফিরহাদ হাকিম। শহরের একাধিক জায়গায় কাজ চলছে কেইআইআইপি-র। অভিযোগ, অনেক জায়গায় ঢিমেতালে কাজ এগনোর জন‌্য ফ‌্যাসাদে পড়ছেন স্থানীয়রা। কলকাতার সংযোজিত এলাকায় কাজ চলছে কেইআইআইপি-র। ১০৯ নম্বর ওয়ার্ডে মুকুন্দপুর নিতাইনগরে বৃষ্টি না হলেও জল জমে যাচ্ছে। পুরসভা সূত্রে খবর, দ্রুত কাজ শেষ করতে হবে। প্রয়োজনে সমস্ত বিভাগের সাহায‌্য নিক কেইআইআইপি। এমনটা বার্তা দেওয়া হবে তাদের।

[আরও পড়ুন: যাদবপুরে ছাত্রমৃত্যু: স্বপ্নদীপের মৃত্যুতে খুনের মামলা দায়ের বাবার, হস্টেলের ভূমিকা নিয়ে প্রশ্ন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement