shono
Advertisement
Kolkata

তোলাবাজির প্রতিবাদ, ব্যবসায়ীকে পকসো মামলায় ফাঁসানোর হুমকি 'ত্রাস' সানির

পুলিশ জেনেছে, এপ্রিল মাসের প্রথম থেকেই সানি ও তার সঙ্গীরা এই ২৮ লাখ টাকা তোলা চেয়ে প্রৌঢ়ার ছেলেকে হুমকি দিতে থাকে। তাঁকে কয়েক দফায় টাকা দিতে বলা হয়। যদিও ওই যুবক ওই তোলাবাজির প্রতিবাদ করে উঠেছিলেন।
Published By: Kousik SinhaPosted: 01:41 PM May 02, 2026Updated: 02:01 PM May 02, 2026

২৮ লাখ টাকা দে। না হলে নাবালিকাকে ধর্ষণের মামলায় ফাঁসিয়ে দেব। গ্রেপ্তার করিয়ে দেব। জেল থেকে আর বের হতে পারবি না। ২৮ লাখ টাকা তোলা চেয়ে মোমিনপুরের (Mominpore) এক যুবককে এমনই হুমকি দেওয়া বলে অভিযোগ। যুবক তোলাবাজির প্রতিবাদ করায় তাঁকে ব্ল‍্যাকমেল করতে শুরু করে দুষ্কৃতীরা। তাঁকে মিথ্যা ধর্ষণ ও পকসো মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। শেষ পর্যন্ত ওই যুবক চাপে পড়ে আত্মহত্যার চেষ্টা করতে বাধ্য হন বলে অভিযোগ। কোনওমতে তাঁকে প্রাণে বাঁচান পরিবারের লোকেরা। তাঁর চিকিৎসা চলছে। শেষ পর্যন্ত পরিবারের পক্ষ থেকে মোমিনপুর এলাকার 'ত্রাস' সানি ও তার সঙ্গীদের বিরুদ্ধে একবালপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, সম্প্রতি এক মহিলা একবালপুর থানায় এসে এই অভিযোগ দায়ের করেন। তাঁর ছেলে ব্যবসায়ী। আর সেই সুযোগই নেয় এলাকার এক যুবক আব্দুল কাদির ওরফে সানি, যে মোমিনপুর এলাকায় 'ত্রাস' বলেই পরিচিত। সে সঙ্গীদের নিয়ে ওই প্রৌঢ়ার ছেলেকে বলে, তাঁকে তাদের হাতে ২৮ লাখ টাকা তুলে দিতে হবে। তাঁকে হুমকিও দেওয়া হয়। প্রথমে ওই যুবক হুমকিকে গুরুত্ব দেননি। কিন্তু ক্রমে তা বাড়াবাড়ির জায়গায় পৌঁছয়। তারা মাঝেমধ্যেই এসে তাঁর কাছে ২৮ লাখ টাকা তোলা চাইতে থাকে। 

তাঁকে বলা হয়, যদি তিনি ওই টাকা না দেন, তবে তাঁকে ফাঁসিয়ে দেওয়া হবে। এক নাবালিকাকে দিয়ে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করানো হবে। ওই যুবক পকসো মামলায় ফেঁসে যাবেন। তাঁর জেল হয়ে যাবে। তিনি জেল থেকে ছাড়া পাবেন না। ক্রমাগত তাঁকে ব্ল‍্যাকমেল ও হুমকি দেওয়া হয়। শেষ পর্যন্ত আর ওই হুমকি নিতে পারেননি যুবক। তিনি বাড়ির মধ্যেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁর মা ও পরিবারের লোকেরা টের পেয়ে ঘরের ভিতর থেকে তাঁকে বাইরে নিয়ে আসেন। শেষে অচেতন যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। যুবকের মা একবালপুর থানায় সানির বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার প্ররোচনা, তোলাবাজি, হুমকির অভিযোগ তুলে মামলা দায়ের করেন। পুলিশ ওই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে।

পুলিশ জেনেছে, এপ্রিল মাসের প্রথম থেকেই সানি ও তার সঙ্গীরা এই ২৮ লাখ টাকা তোলা চেয়ে প্রৌঢ়ার ছেলেকে হুমকি দিতে থাকে। তাঁকে কয়েক দফায় টাকা দিতে বলা হয়। যদিও ওই যুবক ওই তোলাবাজির প্রতিবাদ করে উঠেছিলেন। তিনি কোনও টাকাই দেবেন না, এমনও জানিয়ে দিয়েছিলেন অভিযুক্তদের। সানি ও তার সঙ্গীরা তাঁর উপর ক্রমাগত মানসিক চাপ সৃষ্টি করে। জেলে যাওয়ার ভয়েই তিনি বাড়ির মধ্যে যে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, সেই ব্যাপারে পুলিশ অনেকটাই নিশ্চিত। সানির সঙ্গে তার কোন কোন সঙ্গী ছিল, তা-ও জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement