shono
Advertisement

Breaking News

Polio Vaccination

পোলিও টিকাকরণে 'লাস্ট বেঞ্চার' কলকাতা, সেরার সেরা কোন জেলা?

কলকাতার ধনী-উচ্চবিত্ত পরিবারগুলি পোলিও টিকা নেওয়ার ক্ষেত্রে এখনও উদাসীন।
Published By: Sayani SenPosted: 11:00 AM Jul 04, 2026Updated: 11:00 AM Jul 04, 2026

পোলিও নির্মূল করতে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ইমিউনাইজেশন ডে কর্মসূচি চালায়। যেখানে পাঁচ বছরের নিচের শিশুদের পোলিও ড্রপ খাওয়ানো হয়। স্বাস্থ্যদপ্তরের তথ্য অনুযায়ী, সম্প্রতি জাতীয় পোলিও টিকাকরণ কর্মসূচিতে কলকাতার ৪ লক্ষ ৫৩ হাজার ৬৬৪ শিশুকে পোলিও টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। কিন্তু এ বছর জুন মাসে 'বুথ ডে'-তে মাত্র ১ লক্ষ ৮৯ হাজার ৮৮৪ জন শিশুকে পোলিও টিকা খাওয়ানো গিয়েছে। যা লক্ষ্যমাত্রার তুলনায় মাত্র ৪২ শতাংশ।

Advertisement

কেন এত ঢিলেঢালা অবস্থা শহর কলকাতায়? জনস্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, কলকাতার ধনী-উচ্চবিত্ত পরিবারগুলি পোলিও টিকা নেওয়ার ক্ষেত্রে এখনও উদাসীন। দ্বিতীয়ত, শহর কলকাতার শিশুরোগ বিশেষজ্ঞদের একাংশ পোলিও টিকা নেওয়ার বিষয়ে অভিভাবকদের গুরুত্ব সহকারে বোঝাতে ব্যর্থ। কলকাতার তুলনায় হাওড়া এমনকী শৈলশহর দার্জিলিংও পোলিও টিকাকরণে চলনসই টার্গেট পূরণ করেছে। ওই দুই জেলায় ৬৭ শতাংশ শিশুকে টিকাকরণের আওতায় আনা গিয়েছে। তবে পোলিও টিকাকরণ পর্যাপ্ত নয় পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনায়। ওই দুই জেলায় পোলিও টিকাকরণ হয়েছে ৬৫ শতাংশ শিশুর।

শহর কলকাতা ঢিলঢালা হলেও এগিয়ে জেলা। সেরার আসনে বসিরহাট। বসিরহাট স্বাস্থ্য জেলায় ২ লক্ষ ৭ হাজার ৪৮৭ জন শিশুকে পোলিও টিকা খাওয়ানোর লক্ষ্য নেওয়া হয়েছিল। লক্ষ্যমাত্রার ৮৮ শতাংশ টিকাকরণ হয়েছে। সফলতায় দ্বিতীয় স্থানে দক্ষিণ দিনাজপুর (৮৭ শতাংশ), তৃতীয় স্থানে বাঁকুড়া (৮৬ শতাংশ) চতুর্থ স্থানে যুগ্মভাবে রয়েছে নদিয়া ও বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা (৮৫ শতাংশ)।

স্বাস্থ্যদপ্তরের তুলনামূলক রিপোর্টে দেখা গিয়েছে, ২০২৬ সালের জুন পর্বে ২৮টি জেলা মিলিয়ে ৮৪ লক্ষ ২৪ হাজার ৫১৪ জন শিশুকে পোলিও টিকা দেওয়ার লক্ষ্য থাকলেও 'বুথ ডে'-তে টিকা পেয়েছে ৬৩ লক্ষ ২৬ হাজার ৯৫৬ জন। বাংলার ২৮টি জেলা মিলিয়ে গড়ে ৭৫ শতাংশ শিশু টিকা পেয়েছে। কোচবিহার ও হুগলিতে ৭২ শতাংশ টিকার হার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement