shono
Advertisement

নজরে উত্তর-পূর্ব, ত্রিপুরায় ভোটপ্রচারে যাচ্ছেন মমতা, মেঘালয় সফরে অভিষেক

অভিষেকের হাত দিয়েই মেঘালয়ে ইস্তেহার প্রকাশ তৃণমূলের।
Posted: 06:08 PM Jan 21, 2023Updated: 09:41 PM Jan 21, 2023

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: নতুন বছরের শুরুতে উত্তর-পূর্ব ভারতের যে তিন রাজ্যে নির্বাচন রয়েছে তার মধ্যে দুটি রাজ্যকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। মেঘালয় এবং ত্রিপুরায় এবার ভাল ফল করার ব্যাপারে বেশ আশাবাদী জোড়াফুল শিবির। তাই প্রচারেও কোনওরকম খামতি রাখা হচ্ছে না। দুই রাজ্যেই দলের একেবারে শীর্ষস্তরের নেতাদের কর্মসূচি রয়েছে।

Advertisement

সদ্যই মেঘালয় থেকে ফিরেছেন তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চলতি মাসেই ফের পাহাড়ি রাজ্যটিতে যাচ্ছেন অভিষেক। আগামী ২৪ জানুয়ারি মেঘালয়ে যাবেন তিনি। ওইদিনই মেঘালয়ে তৃণমূলের ইস্তাহার প্রকাশ হবে। একটি জনসভাও করার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। অভিষেকের পাশাপাশি থাকবেন স্থানীয় নেতারা। ডাঃ মুকুল সাংমার (Mukul Sangma) নেতৃত্বে পাহাড়ি রাজ্যটিতে এবার ক্ষমতা দখলের চেষ্টা করছে তৃণমূল।

[আরও পড়ুন: চেন্নাইয়িনের বিরুদ্ধে আজ হারের বদলা নিতে চায় মোহনবাগান, প্রথম দলে ফিরতে পারেন মনবীর]

মেঘালয় থেকে ফিরে ত্রিপুরাতেও যাওয়ার কথা অভিষেকের। সেখানেও আগামী ১৬ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন। ত্রিপুরাতে একাধিক কর্মসূচি আছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। অভিষেকের পর আগামী ৬ ফেব্রুয়ারি ত্রিপুরা যাচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। পাশের রাজ্যটিতে দু’দিন থাকবেন তিনি। ৭ তারিখ ত্রিপুরায় রোড শো করবেন এরাজ্যের মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: কেন্দ্রের আশ্বাসে তিনদিন পর উঠল কুস্তিগিরদের বিক্ষোভ, প্রশ্নের মুখ ব্রিজভূষণের ভবিষ্যৎ]

মমতা ও অভিষেকের পরপর ত্রিপুরা এবং মেঘালয় সফর বেশ তাৎপর্যপূর্ণ। প্রথমত মেঘালয় নিয়ে এবার বেশ আশাবাদী ঘাসফুল শিবির। ইতিমধ্যেই সেরাজ্যে জনসভা করেছেন তৃণমূল নেত্রী। তাতে ভাল সাড়াও মিলেছে। ত্রিপুরার প্রেক্ষিতে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের সফর আরও তাৎপর্যপূর্ণ। আপাতত সেরাজ্যে তৃণমূল ‘একলা চলো’র বার্তা দিলেও উপজাতিদের দল তিপ্রা মথার (Tipra Motha) সঙ্গে ব্যাকডোরে আলোচনা এখনও চলছে। এর মধ্যে আবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তিপ্রা মথার প্রধান তথা ত্রিপুরার মহারাজা বিক্রম মাণিক্য দেববর্মার সঙ্গে দেখা করেছেন। বিজেপিও তিপ্রার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই ত্রিপুরার রাজনীতিতে উত্তাপ বাড়ছে। এর মধ্যে মমতা অভিষেকের সেরাজ্যে যাওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement