shono
Advertisement

‘পাগড়ি দেখলে খলিস্তানি, মুসলিম পাকিস্তানি!’ ভাষা দিবসে ‘বিভেদকামী’ বিজেপিকে তোপ মমতার

বিজেপি বিভেদের রাজনীতি করে বলে বার বার তোপ দেগেছেন তিনি। সম্প্রতি শিখ আইপিএস আধিকারিককে শুভেন্দুর 'খলিস্তানি' কটাক্ষে আরও জোরাল সেই অভিযোগ। মঙ্গলের পর বুধবার বিরোধী দলনেতার মন্তব্যের বিরোধিতায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা দিবসে দেশপ্রিয় পার্কের অনুষ্ঠান মঞ্চ থেকে ফের বিজেপিকে একহাত নিলেন তিনি।
Posted: 05:52 PM Feb 21, 2024Updated: 07:28 PM Feb 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি বিভেদের রাজনীতি করে বলে বার বার তোপ দেগেছেন তিনি। সম্প্রতি শিখ আইপিএস আধিকারিককে শুভেন্দুর ‘খলিস্তানি’ কটাক্ষে আরও জোরাল সেই অভিযোগ। মঙ্গলের পর বুধবার বিরোধী দলনেতার মন্তব্যের বিরোধিতায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা দিবসে দেশপ্রিয় পার্কের অনুষ্ঠান মঞ্চ থেকে ফের বিজেপিকে একহাত নিলেন তিনি। এছাড়া, আধার বাতিল ইস্যুতেও তোপ দাগেন মমতা।

Advertisement

মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালিতে আটকানো হয় শুভেন্দু অধিকারী, শংকর ঘোষ, অগ্নিমিত্রা পল-সহ বিজেপি কর্মীদের। ধামাখালিতে বিজেপি কর্মীদের আটকানোর সময় পুলিশের সঙ্গে বচসা বাঁধে। অভিযোগ, সেই সময় পুলিশ সুপার জশপ্রীত সিংকে ‘খলিস্তানি’ বলে কটাক্ষ করেন বিজেপি কর্মীরা। ভাষা দিবসের অনুষ্ঠানে এই ইস্যুতে শুভেন্দুকে তোপ দেগে মমতা বলেন, “পাঞ্জাবি অফিসার কী দোষ তাঁর, সে ডিউটি করছে। ফোর্সে পাঞ্জাবি, গোর্খা রেজিমেন্ট নেই? পাঞ্জাবি পাগড়ি করে বলে খলিস্তানি বলে দেবে। মুসলমান অফিসার হলে পাকিস্তানি বলে দেবে। আমাকে কতবার কত নামে ব্যঙ্গ করা হয়েছে। পাত্তা দিই না। ২-১ জন হঠাৎ গজিয়ে উঠেছে। বাংলার কলঙ্ক। যারা বাংলাকে কলঙ্কিত করছে তাদের বলি আগামী দিন ভালো থাকবেন। আপনারা খারাপ চাইলেও আমরা খারাপ চাই না। শুধু বলব বাংলা মাথা নত করতে জানে না।”

[আরও পড়ুন: জন্মেই রেকর্ড বিরাটপুত্রের! ‘বাবার নজির ভাঙবে অকায়’, আশা পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের]

এদিকে, সপ্তাহখানেক ধরে চলা আধার সমস্যা নিয়েও সুর চড়িয়েছেন মমতা। বলে রাখা ভালো, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্বের চাপের মুখে পড়ে আধার সমস্যা সমাধানে অমিত শাহের দ্বারস্থ হন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। বর্ধমানের জামালপুরের আধার কার্ড বাতিলের সমস্যা মিটে গিয়েছে। তবে মালদহ, নদিয়ার কৃষ্ণগঞ্জ, হাসনাবাদে ফের নতুন করে আধার বাতিলের অভিযোগ সামনে এসেছে বুধবার।

এই ইস্যুতে ভাষা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে মমতা বলেন, “আধার কা্র্ড নিয়ে জঘন্য চক্রান্ত হল। আমরা রুখে দিলাম। আমাদের সিদ্ধান্ত নিতে এক সেকেন্ড লাগে। এনআরসি, ডিটেশন ক্যাম্প করার পরিকল্পনা। মতুয়াদের কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। ৫ বছর ফরেনার। পরে নতুন কার্ড দেবে। ভোটের খেলা। আমরা ভোটের অঙ্কে বিশ্বাস করি না। মানবিকতায় বিশ্বাসী।” মমতার অভিযোগ, ‘বিভেদের রাজনীতি’তে বিশ্বাসী বিজেপি বাংলার সংস্কৃতিকে ছিন্নবিচ্ছিন্ন করার চেষ্টা করছে। সব কিছু চাপিয়ে দেওয়ার চক্রান্ত করছে।

[আরও পড়ুন: সদ্যোজাত ছেলেকে ছেড়ে লন্ডনের রাস্তায় বিরাট! ছবি ঘিরে হইচই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement