খাদ্যভবনে (Khadya Bhawan) ভয়াবহ দুর্ঘটনা। চারতলা থেকে পড়ে গিয়ে আশঙ্কাজনক কৃষি বিপণন বিভাগের শীর্ষ এক আধিকারিক। জানা গিয়েছে, সোমবার সকালে এই ঘটনা ঘটে। হঠাৎ করেই খাদ্যভবনের চারতলা থেকে একেবারে নিচে পড়ে যান ওই আধিকারিক। খাদ্যভবনের অন্যান্য কর্মীরাই একেবারে রক্তাক্ত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। কীভাবে ওই আধিকারিক নিচে পড়ে গেলেন তা এখনও স্পষ্ট নয়। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিউ মার্কেট থানার পুলিশ। কীভাবে ওই আধিকারিক চারতলা থেকে পড়ে গেলেন তা খতিয়ে দেখা হচ্ছে। দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।
জানা গিয়েছে, আশঙ্কাজনক ওই আধিকারিকের নাম ইন্দ্রজিৎ ভট্টাচার্য। তিনি কৃষি বিপণন বিভাগের যুগ্মসচিব হিসাবে কর্মরত। খাদ্যভবনের কর্মীরা জানাচ্ছেন, ঘড়ির কাঁটায় তখন সকাল ১০টা। শুরু হয়েছে কর্মব্যস্ততা। সেই সময় হঠাৎ করেই একটা কিছু পড়ে যাওয়ার আশঙ্কা। রীতিমতো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খাদ্যভবনের (Khadya Bhawan) মধ্যে। ছুটে আসেন কর্মীরা। দেখেন, ওই আধিকারিক সিঁড়ির পাশে রাখা আসবাবপত্রের উপরে পড়ে আছেন। ঘটনায় রীতিমতো হৈহৈ কাণ্ড পড়ে যায়। খাদ্যভবনের কর্মীরাই দ্রুত ওই আধিকারিককে উদ্ধার করে এসএসকেএমে পাঠান।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ট্রমা কেয়ারে চিকিৎসা চলছে ইন্দ্রজিৎ ভট্টাচার্যের। তাঁর অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে ওই আধিকারিক কীভাবে চারতলা থেকে পড়ে গেলেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। যদিও পুলিশের পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
