shono
Advertisement
OBC Reservation

সরকারি চাকরিতে ৭ শতাংশ সংরক্ষণ ওবিসিদের জন্য, আগের বিজ্ঞপ্তি বাতিল করে নয়া নির্দেশিকা রাজ্যের

রাজ্য সরকারের দাবি, নতুন এই রোস্টার ব্যবস্থার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে।
Published By: Subhajit MandalPosted: 10:36 PM May 26, 2026Updated: 10:36 PM May 26, 2026

ওবিসি সংরক্ষণ নিয়ে আগের বিজ্ঞপ্তি বাতিল করে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। সরকারি চাকরিতে ৭ শতাংশ ওবিসি সংরক্ষণ রাখার বিজ্ঞপ্তি জারি করা হল শ্রম দপ্তরের তরফে। ৭ শতাংশ ওবিসি সংরক্ষণকে সামনে রেখেই রাজ্য সরকারি চাকরিতে নতুন ১০০ পয়েন্ট রোস্টার প্রকাশ করা হল।

Advertisement

সোমবার কলকাতা গেজেটে প্রকাশিত এই নির্দেশিকায় তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি), অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি), অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি (ইডাব্লুএস), প্রাক্তন সেনাকর্মী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষণের বিস্তারিত নিয়ম জানানো হয়েছে। সেখানে গ্রুপ ‘সি’ ও ‘ডি’ পদে প্রাক্তন সেনাকর্মীদের জন্য আলাদা সংরক্ষণ রাখা হয়েছে। পাশাপাশি ওবিসি সংরক্ষণ ৭ শতাংশ কার্যকর করার কথাও উল্লেখ বিজ্ঞপ্তিতে। এবিষয়ে আগের সরকার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সেই পুরনো বিজ্ঞপ্তি বাতিল করে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য।

শ্রম দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের সরকারি দপ্তর, সরকারি সংস্থা, স্থানীয় সংস্থা ও সরকারি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে এই নতুন রোস্টার কার্যকর হবে। নতুন রোস্টার অনুযায়ী ১ নম্বর শূন্যপদ এসসি প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। ৩ নম্বর পদ ইডাব্লুএস শ্রেণির জন্য। ৪ নম্বর পদ এসটি প্রার্থীদের জন্য। নির্দিষ্ট কিছু পদ প্রাক্তন সেনাকর্মীদের জন্যও সংরক্ষিত থাকবে। সরকার জানিয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ১০০ পয়েন্ট রোস্টারে ৪টি পদ সংরক্ষিত থাকবে। এছাড়া গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ পদে নির্দিষ্ট রোস্টার পয়েন্টে প্রাক্তন সেনাকর্মীদের নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ৩৩ ও ৬৬ নম্বর পয়েন্টে কৃতী ক্রীড়াবিদদের জন্য সংরক্ষণ রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওবিসি প্রার্থীদের জন্য মোট ৭ শতাংশ সংরক্ষণ কার্যকর হবে। একই সঙ্গে এসসি, এসটি, ওবিসি সংরক্ষণের বিদ্যমান শতাংশ কোনওভাবেই কমানো যাবে না। এই নতুন নির্দেশিকা জারি হওয়ার ফলে আগের সরকারের বিজ্ঞপ্তি বাতিল বলে গণ্য হবে। রাজ্য সরকারের দাবি, নতুন এই রোস্টার ব্যবস্থার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement