আর জি করে অসাধ্য আসন! পূর্ব ভারতে প্রথমবার মৃত ব্যক্তির হাড় প্রতিস্থাপন করা হল জীবিত ব্যক্তির শরীরে। পা বাদ যাওয়া থেকে বাঁচল যুবক! চেন্নাই থেকে মৃত ব্যক্তির হাড় নিয়ে এসে প্রতিস্থাপন করা হল আর জি করে। সম্পূর্ণ বিন্যামূলে অস্ত্রোপচার করা হয়েছে। তা সফলও হয়েছে। তবে রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উত্তর ২৪ পরগনার বাসিন্দা রিজাউদ্দিন মণ্ডল। ২০২৩ সালে দুর্ঘটনা ঘটে। লরির ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাঁর বাঁ পা। পায়ের ফিমার বোন নষ্ট হয়ে যায়। ছিঁড়ে যায় লিগামেন্টও। দুইবার অস্ত্রোপচার হয় বটে খুব বেশি উপকার হয়নি। পরে রোগীর হাঁটু বা নিক্যাপের নিচ থেকে হাড়ের টুকরো-সহ টেন্ডন নিয়ে ছিঁড়ে যাওয়া লিগামেন্ট পুনর্নির্মাণ করা হয়। তবে সেই অস্ত্রোপচার সফল হয়নি।
পরিস্থিতি এমন দাঁড়ায় যে পা বাদ দেওয়ার পরিস্থিতি তৈরি হয়। তারপরই আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষ চেন্নাই থেকে এক মৃত ব্যক্তির হাড় সংগ্রহ করে। ১৭ ফেব্রুয়ারি জটিল অস্ত্রোপচারটি করা হয়। এই অস্ত্রোপচার বিনামূল্যেই করা হয়েছে। প্রায় আড়াই লক্ষ টাকা খরচ করে হাড় নিয়ে আসে রাজ্য স্বাস্থ্যদপ্তর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে। রিজাউদ্দিন আপাতত সুস্থ আছেন। তবে তাঁকে এখনই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না। পর্যবেক্ষণে রাখা হয়েছে।
