shono
Advertisement
Samik Bhattacharya

'ডিম ছোড়ার সংস্কৃতি চললে দেশের সামনে চুনকালি পড়বে', ফের কর্মীদের সতর্কবার্তা শমীকের

আগেই এই বিষয়ে কর্মীদের সতর্ক করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি এবং খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Published By: Kousik SinhaPosted: 04:51 PM Jun 30, 2026Updated: 06:52 PM Jun 30, 2026

প্রতিবাদের ভাষা হিসাবে জনতার হাতে এখন অস্ত্র ডিম! তা রুখতে আগেই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকী এই বিষয়ে মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। কিন্তু এরপরেও রাজ্যজুড়ে তৃণমূল নেতাদের লক্ষ্য করে চলছে ডিম-বর্ষণ। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের বিভিন্ন প্রান্তে ডিম ছোড়ার ঘটনা ঘটেই চলেছে। এবার এই ইস্যুতে ফের বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তাঁর স্পষ্ট বার্তা, এই সংস্কৃতি চলতে থাকলে দেশের সামনে চুনকালি পড়বে।

Advertisement

আজ, মঙ্গলবার ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপি শিক্ষক সেলের সমাবেশ ছিল। সেখানেই এদিন উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং মন্ত্রী দীপক বর্মন। সেই অনুষ্ঠানেই যেভাবে রাজ্যজুড়ে 'ডিমথেরাপি' চলছে, তার রীতিমতো সমালোচনা করেন বিজেপি সাংসদ। শমীক ভট্টাচার্য বলেন, ''ডিম ছোড়ার সংস্কৃতি চলতে থাকলে দেশের সামনে চুনকালি পড়বে।'' অবিলম্বে তা যাতে বন্ধ হয়, সেই আবেদনও রাখেন বিজেপির রাজ্য সভাপতি। ডিম নিয়ে এহেন বার্তা নতুন নয়! এর আগেও এই ইস্যুতে বার্তা দিয়েছিলেন শমীক ভট্টাচার্য। প্রকাশ্যেই তিনি জানিয়েছিলেন, ডিম ছোড়া কোনও রাজনৈতিক দলেরই সুস্থ কর্মসূচি হতে পারে না। এই পরিস্থিতির দ্রুত পরিবর্তন হওয়া দরকার।

শুধু শমীক ভট্টাচার্যই নন, ডিম সংস্কৃতির কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে বাজেটে। এক লক্ষ চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এটাই সেরা জবাব তৃণমূলের জন্য। অকারণে ডিম ছোড়া একেবারেই সাধারণ মানুষ পছন্দ করছে না। শীর্ষ নেতৃত্বের এহেন বার্তার পরেও অবস্থার বদল ঘটেনি। এই অবস্থায় এদিনে শমীকের বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে এদিন আইনজীবী নিয়োগে কত টাকা পূর্বতন তৃণমূল সরকার খরচ করে, সেই সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

তিনি বলেন, ''আগের তৃণমূল সরকার সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করেছে। জনসাধারণের টাকায় অনেক খরচ করে আইনজীবী নিয়োগ করেছে।'' এরপরেই মঞ্চে উপস্থিত রাজ্যের মন্ত্রী দীপক বর্মনকে শমীক বলেন, ''মন্ত্রী উপস্থিত রয়েছেন, আমি বলব, কোনও দপ্তর কত টাকা আইনজীবীদের নিয়োগে খরচ করে তা খতিয়ে দেখে শ্বেতপত্র প্রকাশ করুক।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement