shono
Advertisement
kolkata Police

ভোটের আবহে শহরে রুশ উপদূতাবাসের গাড়িতে তল্লাশি! কুটনৈতিক বিধিভঙ্গের অভিযোগ বিদেশমন্ত্রকে

অভিযোগ, উপদূতাবাসের গাড়ি জেনেও এক সপ্তাহের মধ্যে দু'দিন গাড়িতে তল্লাশি চালানো হয়। এই ঘটনায় কুটনৈতিক বিধি লঙ্ঘন হয়েছে বলে দাবি রুশ উপদূতাবাসের।
Published By: Kousik SinhaPosted: 12:09 AM Apr 19, 2026Updated: 12:17 AM Apr 19, 2026

বঙ্গ ভোটের আবহে বিতর্কে পুলিশ! শহরে রুশ উপদূতাবাসের গাড়িতে তল্লাশি চালানোর অভিযোগ। আর তা নিয়ে বিদেশমন্ত্রকে অভিযোগ জানাল ভারতের রুশ দূতাবাস। কুটনৈতিক বিধিভঙ্গের অভিযোগ জানিয়ে এই অভিযোগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, স্বরাষ্ট্রদপ্তর এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের কাছেও এহেন অভিযোগ দূতাবাসের তরফে জানানো হয়েছে বলে খবর।

Advertisement

ভোটের মধ্যে রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি শহরের নিরাপত্তা কড়াকড়ি করেছে কলকাতা পুলিশ। শহরের সমস্ত ঢোকা এবং বেরনোর রাস্তায় চলছে নাকা চেকিং। এমনকী বড় বড় মোড়গুলিতেও গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। বিশেষ করে গত কয়েকদিনে শহরের একাধিক জায়গায় নাকা চেকিং চলাকালীন প্রচুর নগদ উদ্ধার করেছে পুলিশ। এমনকী উদ্ধার হয়েছে অস্ত্রও। এই প্রেক্ষাপটে পুলিশের তরফে বাড়ানো হয়েছে আরও নিরাপত্তা। আর এই আবহেই কলকাতার রুশ উপদূতাবাসের গাড়িতে তল্লাশি চালানো হয় বলে অভিযোগ।

এক বিবৃতিতে রুশ উপদূতাবাসের তরফে জানানো হয়েছে, একবার নয়, দু'বার তাদের গাড়িতে তল্লাশি চালানো হয়েছে। উপদূতাবাসের তরফে দেওয়া এক বিবৃতি অনুযায়ী, গত ১৪ এপ্রিল শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এবং ১৬ তারিখ চেতলা এলাকায় উপদূতাবাসের গাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযোগ, উপদূতাবাসের গাড়ি জেনেও এক সপ্তাহের মধ্যে দু'দিন গাড়িতে তল্লাশি চালানো হয়। এই ঘটনায় কুটনৈতিক বিধি লঙ্ঘন হয়েছে বলে দাবি রুশ উপদূতাবাসের। শুধু তাই নয়, ভিয়েনা সম্মেলনে গৃহীত কুটনৈতিক নিয়মের কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে। এরপরেই বিস্তারিত বিররণ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ জানানো হয়। অভিযোগ জানানো হয়েছে স্বরাষ্ট্র দপ্তর এবং পুলিশে। যেখানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement