shono
Advertisement

Breaking News

Cyber Crime

এবার সাইবার হানার শিকার খোদ ডিরেক্টর অফ সিকিউরিটি মনোজ বর্মার ছেলে! খোয়ালেন ৩০ হাজার টাকা  

ঘটনার পরেই লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করেন পীযূষ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়।
Published By: Kousik SinhaPosted: 05:24 PM Feb 11, 2026Updated: 07:31 PM Feb 11, 2026

সাইবার জালিয়াতির শিকার খোদ প্রাক্তন পুলিশ কমিশনার বর্তমান ডিরেক্টর অফ সিকিউরিটি মনোজ বর্মার ছেলে। পেয়িং গেস্ট হিসাবে দিল্লিতে ঘর বুকিংয়ের সময় প্রতারণার শিকার হন পীযূষ বর্মা। খোয়া যায় ৩০ হাজার টাকা। সেই ঘটনার তদন্তে নেমে ওড়িশার ভুবনেশ্বর থেকে এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করলেন লালবাজারের গোয়েন্দারা। ধৃত যুবকের নাম রাকেশ প্রধান বলে জানা গিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী পীযূষ বর্মা ওয়েবসাইটে পেয়িং গেস্ট হিসাবে থাকার জন্য দিল্লিতে বাড়ির খোঁজখবর করেন। তখনই একটি ওয়েবসাইট তাঁর চোখে পড়ে। ওই ওয়েবসাইট দেখার পর তাঁকে দিল্লির বেশ কিছু জায়গায় বাড়ি দেখানো হয়, যেখানে তিনি পেয়িং গেস্ট হিসাবে থাকতে পারেন। একটি জায়গা পীযূষ বর্মার পছন্দ হয়। সেই মতো ওই ওয়েবসাইটের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। জানানো হয়, অনলাইনে আগাম ৩০ হাজার টাকা দিলেই তিনি থাকতে পারবেন সেখানে। তাতে রাজি হয়ে যান পীযূষ বর্মা। সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে দেওয়া একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০ হাজার টাকা দিয়ে দেন তিনি। কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও ওই ওয়েবসাইটের পক্ষ থেকে আর কিছু জানানো হয় না। এরপর ওয়েবসাইটে দেওয়া মোবাইল নম্বরেও যোগযোগ করেন। কিন্তু সেখান থেকেও কোনও উত্তর পাননি প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ বর্মার ছেলে। 

এরপরেই বুঝে যান তিনি প্রতারণার শিকার হয়েছেন। ঘটনার পরেই লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করেন পীযূষ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়। গোয়েন্দারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তদন্ত করে ভুবনেশ্বরের ওই কলেজ ছাত্রর সন্ধান পান তদন্তকারীরা। এরপরেই ভুবনেশ্বরে রওনা হন লালবাজারের আধিকারিকরা। সেখান থেকেই রাকেশকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে ধৃতকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। ঘটনায় তাঁর ভূমিকা কি তা জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। দফায় দফায় জেরা করা হচ্ছে রাকেশকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement