অর্ণব আইচ ও নিরুফা খাতুন: দক্ষিণ কলকাতার স্কুলে আচমকা অঘটন। স্কুলেই আচমকা সংজ্ঞাহীন হয়ে মৃত্যু ছাত্রীর। চিকিৎসার বন্দোবস্ত করা হলেও বাঁচানো যায়নি তাকে। ওই স্কুলছাত্রীর একাধিক শারীরিক সমস্যা ছিল বলেই মনে করা হচ্ছে।
মৃত ছাত্রীর নাম আরিফা খাতুন। দক্ষিণ কলকাতার সেন্ট জন ডায়সেশনের দ্বাদশ শ্রেণির ছাত্রী সে। বৃহস্পতিবার সকালে প্রার্থনা চলাকালীন অসুস্থ বোধ করে। আচমকাই সংজ্ঞা হারায়। অজ্ঞান হয়ে পড়ে যায় সে। স্কুল কর্তৃপক্ষই চিকিৎসককে ডেকে পাঠান। তিনি চিকিৎসা করে দেখেন আর বেঁচে নেই নাবালিকা। ওই স্কুলছাত্রীর একাধিক শারীরিক সমস্যা ছিল বলেই খবর। মনে করা হচ্ছে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়েছে।
[আরও পড়ুন: Panchayat Election 2023: তিনি কি পদত্যাগ করতে পারেন? জল্পনার মধ্যেই মুখ খুললেন রাজীব সিনহা]
স্কুল থেকে ফোন করে অঘটনের কথা ছাত্রীর পরিবারের লোকজনকে জানানো হয়। খবর পেয়ে স্কুলে দৌড়ে আসে তার মা ও বাবা। পুলিশকে মেয়ের দেহ ময়নাতদন্তের অনুরোধ জানান। চিকিৎসক ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন সদ্য সন্তানহারা অভিভাবকরা। শেষ পর্যন্ত মেয়ের দেহ ময়নাতদন্তে সিদ্ধান্ত থেকে সরে আসেন তাঁরা। তাই স্কুল থেকে ছাত্রীর দেহ পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়।
