shono
Advertisement
Mamata Banerjee

রাস্তা বন্ধ করে হাই কোর্টের নির্দেশ অমান্য! হেস্টিংস থানায় মমতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা

মমতার বিরুদ্ধে আদালতের একাধিক নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে।
Published By: Jaba SenPosted: 02:23 PM Aug 29, 2026Updated: 03:46 PM Aug 29, 2026

কলকাতা হাই কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই নির্দেশের পরেই হেস্টিংস থানায় মমতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। তাঁর বিরুদ্ধে আদালতের একাধিক নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে।

Advertisement

শুক্রবার তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উলপক্ষে কালীঘাট তৃণমূলের তরফে ক্যাথিড্রাল রোডে কর্মসূচি পালিত হয়। সেই সভা করার জন্য একাধিক শর্ত বেধে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সভায় দেড় হাজারের বেশি জমায়েত করা যাবে না বলে জানিয়ে দিয়েছিল আদালত। পাশাপাশি বলা হয়েছিল, সভার সময় রোডের একটি ফ্ল্যাঙ্ক খোলা রাখতে হবে, যাতে যান চলাচল বিঘ্নিত না হয়। কিন্তু সেই নির্দেশ অমান্য করে সভায় বিপুল জনসমাগম হয়। এর ফলে ক্যাথিড্রাল রোডে পুরোপুরি রাস্তা বন্ধ হয়ে যায়।

ক্যাথিড্রাল রোডের সভায় দেখা যায়, মমতার একবার ইশারা করতেই রাস্তার ওপারে গাছের নিচে থাকা লোকজন ব্যারিকেড ভেঙে হুড়মুড়িয়ে মঞ্চের কাছে চলে আসেন। এর জেরে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে বাস, গাড়ি চলাচল থমকে যায়। সেই ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "দেখলেন তো আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হাই কোর্টের অর্ডার ভাঙলেন। রাস্তার একটি ফ্ল্যাঙ্ক ছেড়ে করতে বলেছিল। একদম গাছের নিচে থাকা লোককে ডেকে রাস্তা বন্ধ করিয়ে কী করলেন। আমি পুলিশকে বলেছি এফআইআর রেজিস্টার করতে। আর ওঁনার বিরুদ্ধে হাইকোর্টে মুভ করতে। ছাড়া হবে না।"

শুভেন্দুর নির্দেশের পরেই নড়েচড়ে বসে পুলিশ। শুক্রবার সভার পরে শনিবারই মমতার বিরুদ্ধে হাই কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। এবিষয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এখন সরকারে নেই। আপনাদের কথা মতো সব চলবে না। রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদী সরকার চলবে। এখানে কোনও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement