shono
Advertisement
Suvendu Adhikari

রাজ্যে শুরু হচ্ছে জনগণনা, শুক্রে নবান্নে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী

এবারই প্রথম আদমশুমারি থাকছে 'সেলফ এনিউমারেশন' বা 'স্ব-গণনা'-র সুবিধা।
Published By: Tiyasha SarkarPosted: 10:26 AM May 29, 2026Updated: 10:26 AM May 29, 2026

রাজ্যে শুরু হতে চলেছে আদমশুমারি বা জনগণনা। গত ১১ মে জনগণনার কাজ শুরু করার জন্য গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য। তার আগে আজ, শুক্রবার নবান্ন সভাঘরে প্রিন্সিপ্যাল সেন্সাস অফিসারদের সম্মেলনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বস্তুত, এদিন থেকেই রাজ্যে জনগণনার প্রস্তুতি ও প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে।

Advertisement

প্রশাসনিক মহলের খবর, সম্মলনে আদমশুমারি কার্যক্রমের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হবে। এ বিষয়ে তাঁর মতামত দেবেন মুখ্যমন্ত্রী। অতিথিদের হাতে তুলে দেওয়া হবে সেন্সাস ২০২৭-এর ম্যাসকট। এবারই প্রথম আদমশুমারি থাকছে 'সেলফ এনিউমারেশন' বা 'স্ব-গণনা'-র সুবিধা। সরকারি পোর্টাল www.se.census. gov.in-এর মাধ্যমে অনলাইনে স্বেচ্ছায় পরিবারগুলি তাদের বিবরণ এবং উত্তর জমা দেওয়ার সুযোগ পাবে। সফলভাবে তথ্য জমা দেওয়ার পর, একটি 'সেলফ এনিউমারেশন আইডি' তৈরি হবে, যা পরবর্তীতে পরিদর্শনে আসা গণনাকারী সংগ্রহ করবেন এবং কেন্দ্রীয় ডেটাবেস তথ্য আপলোড করবেন।

চলতি বছরের ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত স্ব-গণনার এই সুবিধা ব্যবহার করা যাবে। তবে যে পরিবারগুলি স্ব-গণনার বিকল্প বেছে নেবে না, তাদের গণনাকারীরা বাড়িতে গিয়ে সেই তথ্য সংগ্রহ করবেন। স্ব-গণনার পর, ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে 'এইচএলও ফেজ-১' পরিচালিত হবে। এই পর্ব চলাকালীন, গণনাকারীরা ৩৩টি প্রশ্ন সম্বলিত সুনির্দিষ্ট প্রশ্নাবলির মাধ্যমে আবাসন, পারিবারিক সুযোগ-সুবিধা, সম্পদ, পরিবারের বিবরণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে বাড়ি বাড়ি যাবেন।

বৃহস্পতিবার রাজ্যের ডাইরেক্টোরেট অফ সেন্সাস অপারেশনস-এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এবারের জনগণনায় পরিবারগুলির কাছ থেকে যে উত্তর বা তথ্য সংগ্রহ করা হবে, তা যাতে সুরক্ষিত থাকে, তার জন্য বিশেষ নজর দেওয়া হয়েছে। ব্যবহার করা হবে সুরক্ষিত 'এইচএলও' মোবাইল অ্যাপ্লিকেশন। পাশাপাশি, রিয়েল-টাইম তদারকির জন্য ওয়েব-ভিত্তিক প্ল্যাটফর্ম 'সেন্সাস ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেম পোর্টাল' থাকবে। উপগ্রহ-সহায়ক ম্যাপিং-এর জন্য ব্যবহার করা হবে 'হাউস লিস্টিং ব্লক ক্রিয়েটর ওয়েব পোর্টাল'। রাজ্যের মানুষের কাছে জনগণনা আধিকারিকদের কর্তব্য পালনে সহযোগিতা করার জন্য এবং সম্পূর্ণ ও সঠিক তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় তথ্যের জন্য সাধারণ মানুষ টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৮৫৫-এ যোগাযোগ করতে পারবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement