বসন্ত ভালো করে শুরু হতে না হতেই বৃষ্টি আর ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড বঙ্গ। গত দু'দিন অগেই ঝড় বৃষ্টিতে কার্যত জনজীবন ব্যাহত হতে বসেছিল, আর এবার আবারও কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তে রাস্তায় বেরোনোর আগে সাবধান হয়ে যান, কারণ আগামিকাল শুক্রবার এবং শনিবার ফের রাজ্যে কালবৈশাখীর পূর্বাভাস আলিপুর হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই ঝড়-বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। শুধু তাই নয়, কয়েকটি জেলায় ৫০ থেকে ৬০ কিমি গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে।
পূর্বাভাসে হাওয়া অফিস জানাচ্ছে, আজ বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মূলত মেঘলা আকাশ থাকবে। তবে পশ্চিমর একাধিক জেলায় এদিন ঝড় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে বৃষ্টির পরিমাণ বাড়বে শুক্রবার থেকে। হাওয়া অফিস জানিয়েছে, শক্রবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃষ্টি হবে কলকাতা-সহ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রামে। দুর্যোগের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতেও। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কাও রয়েছে। এমনকী কলকাতাতেও ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাসে।
শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। বিশেষ করে শুক্রবার থেকে উত্তরবঙ্গের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলে জানানো হয়েছে। কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে শনিবার। সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার এবং শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং জেলায়। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে বলেও জানানো হয়েছে।
