মার্চের শুরুতেই সম্ভবত বঙ্গে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হবে। ফলে হাতে সময় খুবই কম! তার আগে শাসক-বিরোধী সব শিবিরেই চলছে জোর প্রস্তুতি। বিশেষ করে কোন আসনে কে প্রার্থী হচ্ছেন তা নিয়ে চলছে জোর জল্পনা। তার আগেই তৃণমূল ভবনে বসল 'বায়োডেটা বক্স'। আগামী বিধানসভা নির্বাচনে লড়তে আগ্রহী প্রার্থীরা নিজেদের বায়োডেটা জমা দিতে পারবেন ওই বক্সে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সোমবার এই বক্স বসানো হয়েছে। প্রশ্ন উঠছে, নতুন মুখ খুঁজতেই বসানো হল এহেন বায়োডেটা বক্স?
তবে এই বক্স বসানোর পর থেকে প্রার্থী হতে চেয়ে আবেদনের বন্যা। জানা গিয়েছে, এখনও পর্যন্ত শতাধিকের কাছাকাছি আবেদন জমা পড়েছে ওই বক্সে। আবেদনকারীদের মধ্যে রয়েছেন চিকিৎসক থেকে সমাজসেবীও। এমনকী বহু বিধায়ক এবং মন্ত্রীও বায়োডেটা দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বলে খবর।
একুশের নির্বাচনেও একইভাবে তৃণমূল ভবনে ড্রপ বক্স বসিয়ে আবেদনপত্র সংগ্রহ করা হয়েছিল। এমনকী লোকসভা নির্বাচনের আগেও বায়োডেটা বক্স বসানো হয়।
জানা গিয়েছে, ওই ড্রপ বক্স বসানোর পরেই বঙ্গ বিধানসভায় তৃণমূলের প্রার্থী হতে চেয়ে বায়োডেটা জমা দিয়েছেন চিকিৎসক মৃণালকান্তি সাহা। যিনি দীর্ঘদিন মাদার টেরেসার সঙ্গে কাজ করেছেন। এছাড়াও আবেদন জমা দিয়েছেন সমাজসেবী এনামুল হক। সবথেকে তাৎপর্যপূর্ণ হল, বহু প্রাক্তন এবং বর্তমান বিধায়কও প্রার্থী হতে চেয়ে ওই বক্সে আবেদন করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। সেই তালিকায় রয়েছেন চাঁদ মোহাম্মদ। যিনি লালগোলার প্রাক্তন বিধায়ক। এছাড়াও আছেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য এবং মালদহের মন্ত্রী তাজমূল হোসেন।
একুশের নির্বাচনেও একইভাবে তৃণমূল ভবনে ড্রপ বক্স বসিয়ে আবেদনপত্র সংগ্রহ করা হয়েছিল। এমনকী লোকসভা নির্বাচনের আগেও বায়োডেটা বক্স বসানো হয়। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে সেই রীতি মেনেই এবার তৃণমূল ভবনে ড্রপ বক্স বসল। তবে প্রতিবারই প্রার্থী ঘোষণায় চমক দেয় শাসকদল তৃণমূল। এবারও তা নিয়ে শুরু হয়েছে চর্চা। যদিও গত কয়েক বছরে বদলে গিয়েছে একাধিক রাজনৈতিক সমীকরণ। এই অবস্থায় পুরনো লোকেদের উপরেই আরও একবার ভরসা রাখবে দল নাকি নতুন মুখ প্রার্থী তালিকায় দেখা যাবে তা নিয়ে চর্চা চলছে। জানা গিয়েছে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সিকে এই ড্রপ বক্স বসানোর নির্দেশ দেন। এমনকী এই বিষয়ে জেলা সভাপতিদেরও জানিয়ে দেওয়ার নির্দেশ দেন। এরপরেই তৃণমূল ভবনের একতলার ঘরে ওই ড্রপবক্স বসানো হয়েছে। ভোট ঘোষণার দিনই ওই ড্রপবক্সের চাবি খোলা হবে বলে খবর।
