সারি সারি বাইক-স্কুটি। তারস্বরে বাজছে ডিজে। গেরুয়া পতাকা উড়িয়ে চলছে র্যালি। বাস, গাড়ি, টোটো, অটো সব জ্যামে আটকে। শুক্রবার তলোয়ার হাতে সেই বাইক মিছিলে শামিল ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট। ঘটনা সামনে আসতেই বিতর্ক।
শুক্রবার রামনবমী উপলক্ষে বাইক মিছিল করেন ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট। হাতে তলোয়ার নিয়ে 'জয় শ্রীরাম' স্লোগানে তাঁর নেতৃত্বে ঘাটালের রাস্তায় মিছিল করেন বিজেপি কর্মী-সমর্থকরা। তারস্বরে বাজতে থাকে ডিজে। আর এখানেই প্রশাসনিক নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ উঠছে।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, ৫০০ জনের বেশি লোক মিছিলে থাকতে পারবেন না। বাজানো যাবে না ডিজে বক্স, রাখা যাবে না অস্ত্র। তারপরেও ঘাটালের বিজেপি প্রার্থীর মিছিলে সবকটি নির্দেশিকা না মানার অভিযোগ! যদিও বিতর্কের মুখে বিজেপি প্রার্থী শীতল কপাট ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তাঁর বক্তব্য, 'ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার'। পাল্টা ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল সাধারণ সম্পাদক বিকাশ করের খোঁচা, "ভগবান রামচন্দ্র কখনই এই ধরনের সম্প্রীতির বার্তা দেননি। বিজেপির যা করছে তা ধর্মীয় উগ্রতা, হিন্দুধর্মের পরিপন্থী। এটা রামচন্দ্রকে শ্রদ্ধা করা নয়, রামচন্দ্রের নীতি আদর্শকে অবমাননা করা। আগামীদিনে এর বিরুদ্ধে রায় দেবে ঘাটালবাসী।"
শুধু ঘাটালেই নয়। শুক্রবার বীরভূমের সাঁইথিয়ায় প্রশাসনিক নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে চলল রামনবমী উদযাপন। প্রতীকী অস্ত্র হাতে, ডিজের তালে নাচতে নাচতে মিছিল করলেন হাজার হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।
