তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিজেপি প্রার্থী তাপস রায় এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়! মঙ্গলবার সমাজমাধ্যমে দু’টি ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে (ছবিগুলির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। যদিও তা অস্বীকার করেছে গেরুয়া শিবির।
দ্বিতীয় দফার ভোটের আগে চলছে তৃণমূল-বিজেপি তরজা। তার মধ্যেই মঙ্গলবার সমাজমাধ্যমে দু’টি ছবি ভাইরাল হয়। সূত্রের দাবি, তাপস এবং লকেট দু’জনেই অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলেন। শুধু তা-ই নয়, সেখানে আরও তিন পদ্ম প্রার্থী গিয়েছিলেন বলেও দাবি।
তবে বিষয়টি নিয়ে শাসকদলের কেউ মন্তব্য করতে চাননি। অন্যদিকে, এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। বিজেপির এক শীর্ষনেতা বলেন, “শাসকের চক্রান্ত। তৃণমূল হারছে, তাই জন্য এইসব মিথ্যে ছড়াচ্ছে। বাংলার মানুষ পরিবর্তন চায়। বাংলায় পদ্মফুল ফুটছে।”
উল্লেখ্য, রাত পোহালেই ৭ জেলার ১৪২ আসনে ভোট। অশান্তি রুখতে কড়া নির্বাচন কমিশন। আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গোটা কলকাতাকে মোটি ৩৫১টি সেক্টরে ভাগ করা হয়েছে। বুধবার সকাল থেকে ভোটকেন্দ্রের বাইরে ও রাস্তায় টহলদারিতে থাকছে অন্তত ১২ হাজার পুলিশ। সঙ্গে প্রায় ২২ হাজার কেন্দ্রীয় বাহিনী। টহলদার গাড়ির সঙ্গে বাইকে করেও নজরদারি চালাবে পুলিশ।
