মঙ্গলবার দুর্গাপুর পূর্বে তৃণমূল-বিজেপি সংঘর্ষে গ্রেপ্তার ৩ বিজেপি কর্মী। সংঘর্ষের ঘটনায় কেন শুধু বিজেপিকর্মীদেরই গ্রেপ্তার করা হয়েছে, সেই প্রশ্ন তুলে বিক্ষোভ বিজেপির। বুধবার দুর্গাপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপির প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও কর্মীরা। ঘটনায় উত্তেজনা এলাকায়।
বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Election) রয়েছে দুর্গাপুর পূর্বে। মঙ্গলবার নির্বাচনী প্রচারের শেষলগ্নে জে সি বোস এলাকায় প্রচার করছিল বিজেপি। সেই সময় তৃণমূলের সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলকর্মীদের মারধরের অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ ভাঙচুর চালানো হয় একাধিক বাইকে। সেই ঘটনায় দায়ের হয় অভিযোগ। তদন্তে নামে পুলিশ। সেই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা বিজেপিকর্মী বলেই খবর। সেই ঘটনায় আজ, বুধবার দুপুরে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি।
দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাঁরা মঙ্গলবার শেষ মুহূর্তের প্রচার করছিলেন। সেই তৃণমূল নেতারা তাঁদের উপর হামলা চালায়। পালটা প্রতিরোধ করে বিজেপির কর্মীরা। তিনি বলেন, "বিজেপির মিছিলের উপর হামলা চালায় তৃণমূল। গ্রেপ্তার করা হল আমাদের কর্মীদের। কেন এরকম ঘটনা আমরা তার জবাব চাইছি।" তৃণমূল প্রার্থী প্রদীপ মজুদারের পালটা, "বিজেপির অত্যাচারের পালটা দেবে বাংলার মানুষ। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।"
