ভাঙড় আছে ভাঙড়েই। ভোটের (Bengal Election 2026) মুখে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ে ফের বোমা উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে ভাঙড় ২ নম্বর ব্লকের পূর্ব কাঠালিয়া এলাকায়। জানা গিয়েছে, এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে বস্তাভর্তি বোমা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল। অভিযোগের তির আইএসএফের দিকে। ঘটনার তদন্ত শুরু করেছে বিজয়গঞ্জ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ওই এলাকার এক তৃণমূল কর্মীর পরিত্যক্ত বাড়ি থেকে বস্তাভর্তি বোমা উদ্ধার করে বিজয়গঞ্জ থানার পুলিশ। ওই তৃণমূল কর্মীর নাম শরিফুল শেখ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও তৃণমূলের অভিযোগ, গতকাল রাত থেকেই এলাকায় বোমাবাজি চালাচ্ছিল আইএসএফের কর্মী-সমর্থকরা। তৃণমূল কর্মীদের ফাঁসানোর উদ্দেশ্যেই শরিফুল শেখের বাড়িতে বোমাগুলি মজুত করা হয়েছে। আইএসএফের লোকজনই এই কাজ করেছে বলে অভিযোগ রাজ্যের শাসকদলের।
অন্যদিকে, আইএসএফের পালটা দাবি, তৃণমূল কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় তাঁরা কোনওভাবেই জড়িত নয়। নিজেদের দোষ আইএসএফের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে তৃণমূল। আইএসএফ নেতৃত্বের আরও দাবি, নিরপেক্ষ তদন্ত হলেই প্রকৃত সত্য সামনে আসবে। ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ডগ স্কোয়াড ও বম্ব স্কোয়াডের বিশেষ দল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় কারা জড়িত রয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে।
