shono
Advertisement
Jalpaiguri

জওয়ানদের ক্যাম্পে ঘাপটি মেরে বসে আস্ত গোখরো! ভোটের ডিউটি ভুলে ভয়ে হুলস্থুল কাণ্ড

রবিবার জলপাইগুড়ির একটি স্কুলে ভয়ঙ্কর কাণ্ড! বাহিনীর অস্থায়ী ক্যাম্পে ঘাপটি মেরে বসে রইল বিষধর গোখরো। যা ঘিরে হুলস্থুল কাণ্ড।
Published By: Arpita MondalPosted: 07:52 PM Apr 19, 2026Updated: 08:04 PM Apr 19, 2026

রবিবার জলপাইগুড়ির একটি স্কুলে ভয়ঙ্কর কাণ্ড! বাহিনীর অস্থায়ী ক্যাম্পে ঘাপটি মেরে বসে রইল বিষধর গোখরো। যা ঘিরে হুলস্থুল কাণ্ড। সাপটি নজরে আসতেই স্কুল বিল্ডিং ছেড়ে বেরিয়ে পড়েন জওয়ানরা। ভয়ে কার্যত সিঁটিয়ে যান তাঁরা। 

Advertisement

গত এক সপ্তাহের বেশি সময় ধরে জলপাইগুড়ির জোরপাকরি স্কুলে অস্থায়ী ক্যাম্প করে আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেখানেই রান্নাবান্না, খাওয়াদাওয়া করছেন তাঁরা। রবিবার দুপুরে আচমকাই দেখতে পান, তাঁদের রান্নার জায়গায় বিশালাকার একটি গোখরো সাপ ঘাপটি মেরে বসে। খড়ের গাদায় সাপ দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। হুড়োহুড়ি পড়ে যায় জওয়ানদের মধ্যে। তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দপ্তরে। খবর পেতেই পরিবেশ কর্মীরা এসে সাপটি ঘর থেকে বের করেন। পরিবেশ কর্মী নন্দু রায় বলেন, "নজর এড়িয়ে গেলে দুর্ঘটনা ঘটতে পারত। তবে সাপটিকে উদ্ধার করে জঙ্গলে দেওয়া হয়েছে।" কারও কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। 

ভোটের দেড় মাস আগেই বঙ্গে পা রেখেছে বাহিনী। রাজ্যের বিভিন্ন প্রান্তে স্কুল সহ সরকারি ভবনে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। জলপাইগুড়ির স্কুলে জওয়ানদের ক্যাম্পে সাপ ঢুকে পড়ায় রীতিমতো আতঙ্কে রয়েছেন জওয়ানরা।

প্রসঙ্গত, প্রথম দফা ভোটের বাকি আর মাত্র ৪ দিন। এই দফাতেই রেকর্ড সংখ্যক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। প্রথম দফায় ১৬ জেলায় ১৫২ টি আসনের জন্য ২ হাজার ৪৭ জন জওয়ানদের কাঁধে নিরাপত্তার দায়িত্ব রয়েছে। ভোটারদের ভয়মুক্ত করতে এলাকায় এলাকায় চলছে বাহিনীর টহলদারি। তবে জলপাইগুড়িতে সাপের উপদ্রবে কার্যত উলটো পরিস্থিতি। অভয় দিতে আসা জওয়ানরাই ভয়ে কাঁটা হয়ে গেলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement