ভোট (Bengal Election 2026) দিতে পারলেন না ভোটকর্মীরাই। এই নিয়ে রবিবার উত্তেজনা ছড়াল উলুবেড়িয়া কলেজে। জানা গিয়েছে, আমতা বিধানসভার কয়েকজন ভোটকর্মীর পোস্টাল ব্যালট আসেনি। পোস্টাল ব্যালট প্রাপকদের তালিকাতেও তাঁদের নাম নেই। এরপরই ভোট দিতে না পেরে পথ অবরোধ করেন বিক্ষুব্ধরা। যদিও উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মণ্ডলের আশ্বাসে পরে অবরোধ তুলে নেন তাঁরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার উলুবেড়িয়া কলেজে আমতা বিধানসভার ভোটকর্মীদের তৃতীয় দফার প্রশিক্ষণ ছিল। প্রশিক্ষণ শেষে তাঁদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার কথা। সেই সময় কয়েকজন কর্মী দেখেন, তাঁদের নাম পোস্টাল ব্যালট প্রাপকদের তালিকায় নেই। এমনকী তাঁদের নামে ব্যালটও আসেনি। এরপরই ওই কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। এই ঘটনার প্রতিবাদে ভোটকর্মীদের একাংশ উলুবেড়িয়া কলেজের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আমতা বিধানসভার ভোটকর্মীদের সংখ্যা প্রায় ১৫০০। তাঁদের মধ্যে হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া জেলার বাসিন্দা রয়েছেন। রবিবার এই কেন্দ্রের ৯০ শতাংশ কর্মীই ভোট দিতে পেরেছেন। কিন্তু তালিকায় নাম না আসায় বাকিদের ভোট এদিন হয়নি। এরপরই আমতা বিধানসভার ওই ক্ষুব্ধ ভোটকর্মীদের একাংশ পথ অবরোধ শুরু করেন।
উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মণ্ডল। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তাঁদের আশ্বস্ত করেন, আজ যাঁরা ভোট দিতে পারেননি তাঁদের পরে ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে। এরপরই বিক্ষোভকারীরা পথ অবরোধ তুলে নেন।
