বঙ্গ বিধানসভা নির্বাচনের আগেই একধাক্কায় অনেকটাই বেড়েছে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জনমুখী এই প্রকল্প শাসকদলকে কি বাড়তি সুবিধা দেবে? তা স্পষ্ট হবে আগামী ৪ মে! তবে ২৬ এর নির্বাচনে শাসকদলের প্রচারের অন্যতম 'হাতিয়ার' লক্ষ্মীর ভাণ্ডার। আর এই প্রকল্পকে হাতিয়ার করেই এবার বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মুর্শিদাবাদের নওদার সভা থেকে তিনি বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক পরিবারের দুজন কিংবা পাঁচজন মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন। বিজেপিশাসিত একটা রাজ্য তা বাস্তবায়ন করতে পারলে, রাজনীতির আঙিনায় পা রাখব না।'' শুধু তাই নয়, এদিন ফের একবার তৃণমূলের ১০ প্রতিজ্ঞার কথাও এদিন মনে করিয়ে দেন ডায়মন্ড হারবারের সাংসদ।
বিজেপির কাছে এবারের নির্বাচন 'ডু আর ডাই'! একেবারে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন বঙ্গ বিজেপি নেতারা। মহিলা ভোটারদের মন পেতে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার কথা বলছেন বঙ্গ বিজেপি নেতারা। বলা হচ্ছে, ক্ষমতায় আসলে নাকি তিন হাজার টাকা দেবেন তাঁরা। যদিও কোনও কোনও বিজেপি নেতার বক্তব্যে লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনাও শোনা গিয়েছে। এমনকী ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও শোনা গিয়েছে। আর সে বিষয়টিকে হাতিয়ার করেই বিজেপিকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থীর সমর্থনে এদিন নওদায় সভা করেন তিনি।
সেই সভা থেকে অভিষেক আরও বলেন, ''বিজেপির নেতারা কেউ কেউ বলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করব, কেউ কেউ বলে লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে তিন হাজার করব। আমি চ্যালেঞ্জ দিচ্ছে, যে সমস্ত রাজ্যে বিজেপির সরকার আছে, যদি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিবারের দুজন থাকলে দুজন আর পাঁচজন থাকলে পাঁচজনকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, একটা রাজ্যও বাস্তবায়ন করে দেখাতে পারে আমি রাজনীতির আঙিনায় পা রাখব না।'' এরপরেই মহিলাদের আশ্বাস দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ''বাংলার মা বোনেরা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। কেউ আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে না।''
বলে রাখা প্রয়োজন, গত বিধানসভা নির্বাচন অর্থাৎ ২০২১ এ তৃণমূলকে ডিভিডেন্ড দিয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার। মহিলাদের ঢালাও সমর্থন রাজ্যের শাসকদলকে তৃতীয়বারের জন্য ক্ষমতার মসনদে বসিয়েছিল। এবারও অর্থাৎ ২৬ এর নির্বাচনে সেই অস্ত্রেই শান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ বেড়েছে ৫০০ টাকা। গত অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকার এই সংক্রান্ত বড় ঘোষণা করেছে।
