এলাকায় পতাকা লাগানোর সময় তৃণমূল যুবনেতাকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত যুবনেতা। পা ভেঙেছে তাঁর। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনাটি ঘটেছে কোচবিহারে তুফানগঞ্জে। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে কোচবিহারের তুফানগঞ্জের মহিষকুচি এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন এলাকার তৃণমূলের যুবনেতা রতন সিকদার। অভিযোগ সেই সময় বিজেপির এক 'দুষ্কৃতী' তাঁকে বেধড়ক মারধর করেন। পরে তৃণমূলকর্মীকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পা ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। রাতেই আহত যুবনেতাকে দেখতে হাসপাতালে যান তুফানগঞ্জের তৃণমূল প্রার্থী শিবশংকর পাল। ঘটনায় অভিযোগ জানিয়েছে তৃণমূল।
স্থানীয় তৃণমূল নেতা নিরঞ্জন সরকার বলেন, "পতাকা লাগানোর সময় আমাদের যুবনেতাকে মারধর করেছে বিজেপি। আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক। ওরা (বিজেপি) বুঝেছে শান্তিপূর্ণ নির্বাচন হলে, হেরে যাবে। তাই ঝামেলা করছে। আমরা অভিযোগ জানাব।" তৃণমূল প্রার্থী শিবশংকর পাল বলেন, "খুবই দুঃখজনক ঘটনা। পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি আমাদের যুব নেতাকে মারধর করেছে। প্রত্যেকের বাড়িতেই পরিবার আছে। এই রমক ঘটনাকাম্য নয়।" তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা উৎপল দাস বলেন, "সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। বিজেপির মারধরের রাজনীতি করে না। গণতন্ত্রে বিশ্বাস রাখে। ওদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। বিজেপির নামে মিথ্যা অভিযোগ করছে।"
