shono
Advertisement

Breaking News

Rudranil Ghosh

'জয় বাংলা' স্লোগান শুনে তৃণমূল নেতাকে জাপটে ধরে চুমু বিজেপি প্রার্থী রুদ্রনীলের! ভাইরাল ভিডিও

ভোটবঙ্গে কত কিছুই না ঘটে। 'জয় বাংলা' স্লোগান শুনে বিরক্ত হলেও হাসিমুখে সামাল দিতে হল পরিস্থিতি। 'গান্ধীগিরি' দেখিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাকে জাপটে ধরে চুমু খেলেন শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ।
Published By: Sayani SenPosted: 10:21 PM Apr 09, 2026Updated: 11:15 PM Apr 09, 2026

'মেরেছ কলসির কানা, তা বলে কী প্রেম দেব না?' ভোটবঙ্গে কত কিছুই না ঘটে। 'জয় বাংলা' স্লোগান শুনে বিরক্ত হলেও হাসিমুখে সামাল দিতে হল পরিস্থিতি। 'গান্ধীগিরি' দেখিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাকে জাপটে ধরে চুমু খেলেন শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। তাতে দেখা গিয়েছে, ওই তৃণমূল নেতা ক্রমাগত হাত উঁচিয়ে 'জয় বাংলা' স্লোগান দিয়েই চলেছেন। রুদ্রনীল হাসিমুখে তাঁকে জড়িয়ে জাপটে ধরেছেন। যা দেখে তাজ্জব ঘটনাস্থলে উপস্থিত প্রায় সকলেই।

Advertisement

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে শিবপুর বিধানসভা কেন্দ্রের ৯ নম্বর ওয়ার্ডের ডব্লু রোডে। প্রচারে বেরিয়েছিলেন রুদ্রনীল। সেই সময় তাঁকে লক্ষ্য করে 'জয় বাংলা' স্লোগান দেন এক ব্যক্তি। তাঁকে জাপটে ধরে বিজেপি প্রার্থী জোরে জোরে চুমু খান। জানা গিয়েছে, ওই ব্যক্তি শিবপুর বিধানসভা কেন্দ্রে আইএনটিটিইউসির সভাপতি শক্তি দেবনাথ। এই ঘটনার পর তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা বলেন, ‘‘আমি ৯ নম্বর ওয়ার্ডে আমাদের এক মহিলা নেত্রীর বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। তখন দেখি বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ ওখানে অনুগামীদের নিয়ে প্রচার করছেন। তাঁকে দেখেই আমি জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতে থাকি। তখনই উনি মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়ে আমাকে এসে জড়িয়ে ধরেন ও আমার সঙ্গে ধস্তাধস্তি করতে থাকেন। তাতে আমার জামা ছিঁড়ে যায়।"

তাঁর আরও দাবি, "উনি আমাকে বলেন আমাকে 'জয় ভারত' বলতে হবে। আমি বলি। পাশাপাশি আমি ওঁকে বলি আপনাকেও 'জয় বাংলা' বলতে হবে। অবশেষে উনি 'জয় বাংলা' বলতে বাধ্য হন। তারপর ওখান থেকে চলে যান। উনি একজন সেলিব্রিটি হয়ে এতবড় মানুষ হয়েও 'জয় বাংলা' শুনে রেগে গিয়ে আমার কাছে তেড়ে এলেন এটাই খুব খারাপ লাগল।’’ এই প্রসঙ্গে রুদ্রনীল বলেন, ‘‘এলাকার এক ভাই 'জয় বাংলা' বলেছিল। আমি তাঁকে জড়িয়ে ধরে চুমু খেয়েছি। আর কিছুই বলার নেই।’’ সুতরাং বোঝাই যাচ্ছে বাংলার নানা প্রান্তের মতো রাজনৈতিক উত্তাপের আঁচে ফুটছে শিবপুরও। ভূমিপুত্র রুদ্রনীল ঘোষ আদৌ জয়ের হাসি হাসতে পারেন কিনা, সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement