কুড়মি প্রার্থী দিয়েও জোড়া কুড়মি কাঁটাতেই বিদ্ধ বিজেপি! পুরুলিয়ার জয়পুর বিধানসভা আসনে কুড়মি জনজাতির ভোট টানতে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতোকে বিজেপি সমর্থিত হিসাবে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। তাদের লক্ষ্য জয়পুর বিধানসভা আসনের পাশাপাশি সমগ্র জঙ্গলমহলে যাতে কুড়মি ভোট পদ্মে পড়ে। কিন্তু মনোনয়নের শেষ পর্বে এসে দেখা যাচ্ছে, বিজেপি বিক্ষুব্ধ তথা ভারতীয় জনতা পার্টি থেকে জয়পুর বিধানসভায় অন্যতম প্রার্থীর দাবিদার থাকা অনিমেষ মাহাতো কুড়মি সমাজ সমর্থিত নির্দল হয়ে মনোনয়ন পেশ করে প্রার্থী হয়েছেন।
বিজেপি সমর্থিত প্রার্থী আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতো
কুড়মি সমাজের যাঁরা বাংলা, ঝাড়খণ্ড, ওড়িশা, অসমের বিস্তীর্ণ এলাকায় নেগাচারির সঙ্গে যুক্ত তাঁরা ওই অনিমেষ মাহাতোকে সমর্থন করেছেন। সেইসঙ্গে জঙ্গলমহলের মানুষজনের প্রকৃত উন্নয়নের দাবিতে কুড়মি জনজাতির অশোক মাহাতো নামে মনোনয়ন পেশ করে নির্দল প্রার্থী হয়েছেন। আর এই জোড়া কুড়মি কাঁটাতেই বিদ্ধ হয়ে উদ্বেগ পুরুলিয়ার বিজেপি শিবিরে। এই বিষয়ে প্রতিক্রিয়া নিতে বিজেপির জেলা সভাপতি শংকর মাহাতোকে ফোন করা হলেও তিনি কোন সাড়া দেননি।
অনিমেষ মাহাতো জয়পুর বিধানসভা এলাকায় বিজেপি নেতা হিসাবেই পরিচিত ছিলেন। বিজেপির মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য তথা বাঁকুড়ার ইনচার্জ বিষ্ণুপ্রিয়া মাহাতোর স্বামী । সম্প্রতি বিষ্ণুপ্রিয়া জয়পুর বিধানসভায় দলের প্রার্থী পছন্দ না হওয়াতেই বিজেপি ছেড়ে আজসুতে যোগ দেন। এবার তাঁর স্বামী কুড়মি সমাজের নির্দল প্রার্থী হয়ে যাওয়ায় চিন্তায় পড়ে গিয়েছে গেরুয়া শিবির। চিন্তায় আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা। অনিমেষ মাহাতো বলেন, " আমাদের সমাজ সেই সঙ্গে হিতমিতান অর্থাৎ আমাদের নানান কাজে যে সকল জনজাতি সাহায্য করেন তাঁরা সকলেই আমাকে ভোট দেবেন। ভোট দেবেন এই বিধানসভার সাধারণ মানুষও। আমাকে জেতানোর জন্য তৈরি আছেন সকলে। জয়পুর বিধানসভায় কুড়মি সমাজের হয়ে আমি একমাত্র প্রার্থী।"
কুড়মি সমাজের নির্দল প্রার্থী অনিমেষ মাহাতো
আর এই প্রার্থীকে সমর্থন করা কুড়মি নেগাচারি নেতৃত্ব নরহরি মাহাতো বলেন, "ছোটনাগপুর মালভূমি এলাকায় মেদিনীপুর থেকে ঝাড়খণ্ডের পারশনাথ, ওড়িশার ময়ূরভঞ্জ পর্যন্ত ৬০০ কিমি বিস্তীর্ণ এলাকায় কুড়মি আন্দোলনে এক আলোড়ন উঠেছিল। কিন্তু আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো আমাদেরকে ছেড়ে দিয়ে বিজেপি পার্টিতে চলে যাওয়ায় সমাজের সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না। আমরা তাঁর উপর ভরসা করেছিলাম। তাই সবাই সমাজ নিয়ে প্রশ্ন তুলছেন। আন্দোলন নিয়ে নানা কথা বলছেন। কিন্তু আমরা বলছি সমাজ আগের জায়গাতেই রয়েছে। আমাদের আন্দোলন আগের মতই চলছে। সেই জন্যই আমরা অনিমেষ মাহাতোকে জয়পুর আসনে প্রার্থী করেছি। আমরা তাঁকে জেতাবো।" এদিকে, অশোক মাহাতোর বাড়ি ওই বিধানসভার আড়শা ব্লকের গোরাদাগে। তিনি যেভাবে অধিকার আদায় থেকে জঙ্গলমহলে বেনিয়মের বিরুদ্ধে লড়াই করছেন। তাতে তিনিও কুড়মি জনজাতির ভোট কাটবেন এমন কথাই বলছে জঙ্গলমহলের রাজনৈতিক মহল।
নির্দল প্রার্থী অশোক মাহাতো
