shono
Advertisement
West Bengal Assembly Election

মোদির 'রেউড়ি' বার্তা লোক দেখানো! বঙ্গের যুবশক্তি জয়ে সেই ভাতাই ভরসা বিজেপির

বৃহস্পতিবার লিয়েন্ডার পেজ এবং বিজেন্দ্র সিংয়ের উপস্থিতিতে 'যুবশক্তি ভরসা' কার্ড যুবকদের হাতে তুলে দেওয়া হয়।
Published By: Sayani SenPosted: 03:06 PM Apr 16, 2026Updated: 05:06 PM Apr 16, 2026

লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর মতো প্রকল্পর বিরুদ্ধে বারবার সুর চড়িয়েছে বিজেপি। তবে তা সত্ত্বেও ভোটমুখী বাংলায় সেই ভাতাতেই আস্থা গেরুয়া শিবিরের। সংকল্পপত্রে মহিলা ও বেকার যুবকদের জন্য একাধিক ভাতা ঘোষণা করা হয়েছে। সেই প্রতিশ্রুতি মতো ভোটের সপ্তাহখানেক আগে 'যুবশক্তি ভরসা' কার্ড প্রকাশ বিজেপির। বৃহস্পতিবার লিয়েন্ডার পেজ এবং বিজেন্দ্র সিংয়ের উপস্থিতিতে 'যুবশক্তি ভরসা' কার্ড যুবকদের হাতে তুলে দেওয়া হয়। এর আগে বুধবার 'মাতৃশক্তি ভরসা' কার্ড প্রকাশ করে গেরুয়া শিবির। ভোটের মুখে একের পর এক প্রকল্পের ঘোষণা নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। তাদের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগেও সরব শাসক শিবির তৃণমূল।

Advertisement

কী এই 'যুবশক্তি ভরসা' কার্ড? এই প্রকল্পে প্রতি মাসে বেকার যুবক-যুবতীরা ৩ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন। কার্ড প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিয়েন্ডার পেজ। তিনি বলেন, "যেকোনও মেট্রো সিটিকে চুম্বকের মতো হতে হবে, যাতে সাধারণ মানুষকে আকর্ষণ করে। আর না হলে সেদিক থেকে মুখ ফেরাবেন সকলে। বাংলার ক্ষেত্রেও তাই হচ্ছে। বাংলা ক্রমশ পিছিয়ে যাচ্ছে। শিল্প চলে যাচ্ছে। বাংলা থেকে যুবকদের চলে যাওয়া আটকাতে হবে। এটার জন্য আমি সত্যিই দুঃখ পেয়েছি। মুম্বই, দিল্লি, দক্ষিণ ভারতের দিকে দেখুন। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও এই বিষয় নিয়ে কথা বলেছি।" আন্তর্জাতিক বক্সার বিজেন্দ্র সিং বলেন, "বঙ্গবাসী বাসি মাছ পছন্দ করেন না। ঠিক তেমন বাসি সরকারও পছন্দ করেন না। তাই যুবশক্তি, নারীশক্তির কাছে আর্জি, এবার বিজেপিকে ভোট (West Bengal Assembly Election) দিন। আর সরকার বদলে দিন।"

বুধবার 'মাতৃশক্তি ভরসা' কার্ড প্রকাশ করে বিজেপি। সেখানে মহিলাদের মাসিক ৩ হাজার টাকা দেওয়ার কথা উল্লেখ রয়েছে। মহিলাদের হাতে, হাতে সেই কার্ড তুলেও দেওয়া হচ্ছে। এই কার্ড বিতরণ করে, বিজেপি আর্দশ আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ তুলে সরব হন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইসলামপুরের সভা থেকে তাঁর অভিযোগ, ‘‘নির্বাচনের সময় কার্ড বিলি করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নির্বাচনের (West Bengal Assembly Election) নিয়ম ভাঙছে বিজেপি। আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি, তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করুন।" এই তরজার মাঝে 'যুবশক্তি ভরসা' কার্ড প্রকাশ যেন ক্ষোভের আগুনে ঘৃতাহুতির মতো সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement