তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে অশান্তিতে উসকানির অভিযোগ জানাতে সিইও দপ্তরে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বেরতেই ফর্ম ৬ নিয়ে উত্তপ্ত হয়ে উঠল সিইও দপ্তর চত্বর। ফর্ম ৬ ফিলআপ করে বিহার, উত্তরপ্রদেশের ভোটারদের বাংলার তালিকায় যুক্ত করা হচ্ছে। এই অভিযোগে সোমবারের পর মঙ্গলবারও বিভোক্ষে শামিল হন তৃণমূলপন্থী বিএলওরা। পুলিশ বাধা দিতে রীতিমতো হাতাহাতিতে জড়ান তাঁরা। পাশাপাশি বিজেপি তাঁদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগও তোলা হয়েছে। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। সোশাল মিডিয়ায় ফর্ম ৬ জমা দেওয়ার ভিডিও পোস্ট করে বিরোধিতায় সোচ্চার হয়েছে তৃণমূল।
ফর্ম ৬ নিয়ে সিইও দপ্তরে বিজেপি কর্মী।
ফর্ম ৬ ফিলআপ করে বিহার, উত্তরপ্রদেশের ভোটারদের যুক্ত করা হচ্ছে। বাংলায় চলা নির্বাচন (West Bengal Assembly Election) প্রক্রিয়ার মধ্যেই ভোটার তালিকায় কারচুপি নিয়ে সোমবার বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশান্তিতে উসকানি দেওয়ার অভিযোগ নিয়ে সিইওর দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। অভিযোগ, তিনি বেরনোর পরই চার যুবক নাকি ব্যাগে করে ফর্ম ৬ নিয়ে গিয়ে জমা দেন সিইওর দপ্তরে।
তা নিয়েই মঙ্গলবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে সিইও দপ্তর চত্বর। বিক্ষোভে শামিল হন তৃণমূলপন্থী বিএলওরা। ঘটনাস্থলে জমায়েত করেন বিজেপির কর্মী-সমর্থকরা। দু'পক্ষের জমায়েতে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা। সোশাল মিডিয়ায় ফর্ম ৬ জমা দেওয়ার ভিডিও পোস্ট করে বিরোধিতায় সোচ্চার হয়েছে তৃণমূল। লেখা হয়েছে, "বিজেপি প্রথমে আপনার নাম মুছে দিচ্ছে। তারপর সেখানে অন্য লোকের নাম তুলছে। যারা বিজেপির হয়ে ভোট করবে। এটাই ওদের পরিবর্তন।"
