মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার দিন একেবারে বাঙালি মিষ্টিতে মুখমিষ্টি হবে ব্রিগেডে। সেখানে থাকবে বেশ কয়েকটি নামকরা মিষ্টির দোকানের স্টল। আর তাতেই পাওয়া যাবে একেবারে বাঙালি মিষ্টি। তার মধ্যে মূলত থাকছে রসগোল্লা ও সন্দেশ। আর তাতেই নানা থিম। সবই অবশ্য গেরুয়া রং এবং পদ্মের থিমকে কেন্দ্র করে।
কে সি দাস, ব্যাতাই, বাঞ্ছারামের মতো দোকানের স্টল সেখানে দেওয়া হবে। মালিকরা জানান, মূলত ২০ টাকা থেকে দাম শুরু হবে। প্রত্যেক দোকানের কর্ণধাররাই জানিয়েছেন, পর্যাপ্ত মিষ্টি রাখা হবে স্টলে। কারণ, প্রচুর মানুষ আজ ব্রিগেডে আসবেন। অনেকেই চাইবেন, শপথের অনুষ্ঠানে মিষ্টিমুখ করতে। তাই আয়োজনও বিপূল। মোদিশ্রী রসগোল্লায় থাকছে কেসর, জাফরান ফ্লেভার।"
ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে হটকেক পদ্ম সন্দেশ। নিজস্ব চিত্র
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন প্রচারে এসে রাজভবনে ছিলেন, তখন এই ফ্লেভারের রসগোল্লাটাই ডিনারে খেয়েছিলেন। আমাদের দোকান থেকে নিয়ে যাওয়া হয়েছিল। তাই এই রসগোল্লার নাম রাখা হচ্ছে মোদিশ্রী রসগোল্লা।"- জানান কে সি দাসের কর্ণধার ধীমানচন্দ্র দাস। ব্যাতাই মিষ্টান্ন ভাণ্ডারের কর্ণধার ব্যাতাই সৈকত পাল বলেন, "মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথে আমাদের স্টল থাকবে ব্রিগেডে। সেখানে অনেক ধরনের নতুন মিষ্টি থাকবে।"
পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে ব্রিগেডে নতুন মন্ত্রিসভার ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে বাঙালি অস্মিতাকে তুলে ধরা হচ্ছে। বাংলার সংস্কৃতির পাশাপাশি বাঙালির প্রিয় খাবার। এদিকে বিজেপির জয়ে আচমকাই পদ্মের দাম অগ্নিমূল্য। পাইকারি বাজারে দু'টাকা পিসের পদ্ম ১০ টাকা পিস। আর খুচরো বাজারে দাম উঠছে ২০-৩০ টাকাতেও। সারা বাংলা ফুলচাষি ও ফুলব্যবসায়ী সমিতির সাধারাণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক বলেন, ‘‘যেখানে কলকাতার ফুলমার্কেটে এই সময় এক পিস পদ্ম বিক্রি হত এক থেকে দু’টাকায়। সেখানে শুক্রবারের বাজারে সেই পদ্ম বিক্রি হয়েছে ৮-১০ টাকা পিসে।’’
