স্বপ্নের সুপারস্টার। তাঁর ছবির প্রত্যেকটি দৃশ্য, গান একেবারে ঠোঁটস্থ। আশা একটাই সুপারস্টারের পাশে দাঁড়িয়ে একটা সেলফি তোলা। ভেবেছিলেন বনগাঁর চাঁদপাড়ায় ভোটপ্রচার মঞ্চে দেবের (Dev) সঙ্গে সেলফি তোলার সুযোগ পাবেন। আশাভঙ্গ হওয়ায় কাঁদতে কাঁদতে জ্ঞান হারালেন যুবতী। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। আর তা দেখে ভোটের ফলপ্রকাশের পর দেখা করার আশ্বাস দিলেন সাংসদ অভিনেতা।
ভোটপ্রচারে দেব। ছবি: ফেসবুক
দেব-দর্শন না পাওয়ায় তাঁর অপার দুঃখ ভাইরাল সোশাল মিডিয়ায়। ওই ভিডিওতে কাঁদতে কাঁদতে যুবতীকে বারবার বলতে শোনা গিয়েছে, "ও চলে যাচ্ছে।" আকাশে উড়ে যাওয়া হেলিকপ্টারের দিকে তাকিয়ে ক্রমাগত বলে গিয়েছেন, "একটিবার ফিরে আসতে বলো।" যুবতী জানান, "দেবের সঙ্গে দেখা করতে দেবে বলে মঞ্চে বেলা ১১টা থেকে কাজ করেছি। সারাদিন, সারামাস জুড় কাজ করেছি। বলা হয়েছে, দেখা করতে দেবে। সেলফি তুলতে দেবে। আমার সঙ্গে থাকা আরও ৭ জন আত্মত্য়াগ করেছে। ওরা বলেছিল একা তুই গিয়ে সেলফি তুলিস। তাও আমাকে ওর সঙ্গে ছবি তুলতে দিল না।"
জানা গিয়েছে, সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া যুবতী বনগাঁর চাঁদপাড়ার বাসিন্দা। এই ভিডিওটি নজর এড়ায়নি তারকা সাংসদ দেবেরও। ওই ভাইরাল ভিডিওটি শেয়ার করে অভিনেতার আশ্বাস, আগামী ৪ মে ফলপ্রকাশের পর দেখা করবেন। বনগাঁ দক্ষিণের প্রার্থী ঋতুপর্ণা আঢ্যর সঙ্গে কথা হয়েছে বলেও দাবি দেবের। তাঁর মাধ্যমেই যুবতীকে অফিসে এসে দেবের সঙ্গে দেখা করতে পারবেন বলেই জানান তারকা সাংসদ। দেবের এই প্রতিক্রিয়ায় মুগ্ধ অনুরাগীরা। কেউ কেউ বলছেন, "দেবদা যেন তারকা নন। একেবারে কাছের মানুষ, ঘরের মানুষ।" আবার 'অভিমানী' অনুরাগীদের আক্ষেপ, তাঁরাও চান দেবের সঙ্গে সেলফি তুলতে। তবে কাঁদতে কিংবা জ্ঞান হারাতে পারছেন না বলে দেখা হচ্ছে না। কেউ কেউ আবার যুবতীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। 'নাটক' বলে টিপ্পনিও শুনতে হয়েছে যুবতীকে। বলে রাখা ভালো, ছাব্বিশের নির্বাচনে উত্তর থেকে দক্ষিণবঙ্গের নানা প্রান্তে টানা প্রচার চালিয়ে যাচ্ছেন দেব। কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন সভায়।
