ভোটকর্মীদের প্রশিক্ষণ ও তাঁদের ভোটদান নিয়ে অব্যবস্থার অভিযোগ। সকাল ১০ থেকে অপেক্ষা করার পরও দুপুর গড়িয়ে গেলেও প্রশিক্ষণ শুরু হয়নি। আসেননি প্রশিক্ষক।
এই অভিযোগ তুলে বৃহস্পতিবার বিক্ষোভ মুর্শিদাবাদের লালবাগে। খবর পেয়ে ঘটনাস্থলে মহকুমা শাসক ও প্রশাসনের কর্তারা। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন মহকুমা শাসক, এসডিপিও লালবাগ, মুর্শিদাবাদ থানার ভারপ্রাপ্ত আইসি-সহ প্রশাসনের একাধিক আধিকারিক। পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন তাঁরা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভোটকর্মীদের প্রশিক্ষণ, পরে ভোটদানের প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল লালবাগ স্পনসর্ড বালিকা বিদ্যালয়ে। অভিযোগ নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও প্রশিক্ষক আসেনি। ফলে শুরু করা যায়নি প্রক্রিয়া। একই সঙ্গে পোলিং পার্সোনালদের ভোটগ্রহণের প্রক্রিয়াতেও জটিলতা দেখা দেয়।
ভোটকর্মীদের দাবি, একটি মাত্র ঘরে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। প্রবেশ ও প্রস্থানের জন্য রয়েছে একটি মাত্র দরজা। তাতে ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে। ভোটগ্রহণ প্রক্রিয়ার ধীর গতিতে চলছে বলেও অভিযোগও তোলেন তাঁরা। কর্মীদের কথায়, "যাঁরা ভোট প্রক্রিয়ার দায়িত্বে রয়েছেন, তাঁদের কাজের গতি অত্যন্ত ধীর। এই অবস্থায় এত সংখ্যক ভোটকর্মীদের ভোট করা কার্যত অসম্ভব।" আরও এক ভোটকর্মী বিস্ফোরক অভিযোগ করে বলেন, "যাঁরা ভোট প্রক্রিয়া পরিচালনা করছেন, হয়তো চাইছেন না আমরা ভোট দিই।"
এ দিকে মুর্শিদাবাদের ওই বিদ্যালয়েই দ্বিতীয় দফায়তেও অন্য ভোটকর্মীদের প্রশিক্ষণ ও ভোটদানের কথা রয়েছে। কিন্তু কী করে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে তা নিয়েও সমস্যা দেখা দিয়েছে। অব্যবস্থার অভিযোগ তুলে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা।
